২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় বিধ্বস্ত ব্রিসবেন, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

অস্ট্রেলিয়ায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিধ্বস্ত ব্রিসবেন। এ ক্ষত সারাতে লেগে যাবে কয়েক বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 03:37 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ব্রিসবেন, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রেলিয়ায় বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিধ্বস্ত ব্রিসবেন। এ ক্ষত সারাতে লেগে যাবে কয়েক বছর। কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ বন্যায় ব্রিসবেনের এ করুণ দশা আর মানুষের দিশেহারা অবস্থার মধ্যে উপকূলে নতুন করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কুইুসল্যান্ডের উত্তর উপকূলীয় 'কোরাল সী' তে এ ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া ব্যুরো। ঘূর্ণিঝড়ের প্রভাবে কুইসল্যান্ডে বৃষ্টি শুরু হওয়ার পর ঝড়টি উপকূল থেকে দূরে সরে যাবে বলে জানায় তারা। ওদিকে, আগামী সপ্তাহগুলোতে আরো মারাত্মক বন্যা দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। কুইন্সল্যান্ড সরকারের তথ্যমতে, প্রদেশটিতে বন্যায় এ পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ৬১ জন নিখোঁজ রয়েছে। কুইন্সল্যান্ডের প্রাদেশিক প্রধানমন্ত্রী আন্না ব্লিগ বৃহস্পতিবার ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ধারণা নিতে বিমানে কুইন্সল্যান্ড পরিদর্শন করে বলেন, "ব্রিসবেনের কিছু কিছু এলাকা দেখে যুদ্ধক্ষেত্র বলে মনে হয়েছে আমার। "আমি কেবল ঘরের ছাদ দেখতে পেয়েছি। ওই সব ছাদের নিচে রয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি।" ২০ লাখ মানুষের শহর ব্রিসবেনের ১২ হাজার ঘরবাড়ি বন্যায় তলিয়ে গেছে এবং ১ লাখ ১৮ হাজার ভবন হয়েছে পানি ও বিদ্যুৎ বিহীন। বন্যায় শহরের অনেক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ভূমিধসে সড়ক নষ্ট হয়েছে। বন্যার ক্ষত দেখে হতবিহ্বল ব্লিগ বলেন, "যুদ্ধোত্তর পরিস্থিতিতে যে ধরনের অবকাঠামো পুনর্নিমাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত হতে হয় আমরাও সে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি।" কুইন্সল্যান্ডের চার ভাগের তিন ভাগ এলাকা যা পুরো দক্ষিণ আফ্রিকার সমান এখন আনুষ্ঠানিকভাবে দুর্যোগপূর্ণ এলাকা। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে এমন চড়া মূল্য দিতে হবে যা চিন্তাও করা যায় না বলে মন্তব্য করেন ব্লিগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৩০ ঘ.