জেরুজালেম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল রোববার পূর্ব জেরুজালেমে নতুন করে ২০ টি ইহুদি বসতি নির্মাণের জন্য বুলডোজার দিয়ে একটি হোটেল গুঁড়িয়ে দিয়েছে।
জেরুজালেমে ইসরায়েলের নতুন বসতি গড়ার এ প্রকল্পে ক্ষুব্ধ হয়েছে ফিলিস্তিন। যুক্তরাষ্ট্রও এর সমালোচনায় সরব হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উপসাগরীয় আরব মিত্র দেশগুলো সফরকালে আবু ধাবিতে বলেছেন, "এই বিরক্তির কর্মকাণ্ড শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে।"
এ উদ্যোগ মধ্যপ্রাচ্য সঙ্কটের দ্বিরাষ্ট্রিক সমাধানের চেষ্টা ব্যাহত করার পাশাপাশি জেরুজালেমের মর্যাদা নিয়ে দুপক্ষের মধ্যে যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয় সমঝোতায় উপনীত হওয়ার সম্ভাবনাও নস্যাৎ করছে বলে হিলারি মন্তব্য করেন।
ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নতুন করে শুরুর চেষ্টার এ সময়ে শেফার্ড হোটেল কম্পাউন্ডে ইসরায়েলের বসতিস্থাপনের এ উদ্যোগ ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শত্র"তা আরো বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের বসতিস্থাপন নীতি নিয়ে বিরোধের কারণে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে গত সেপ্টেম্বরে শুরু হওয়া আলোচনা স্থগিত হয়ে গেছে।
ইসরায়েলের বসতিস্থাপন উদ্যোগের সমালোচনা করে ফিলিস্তিনি প্রধান আলোচক সায়েব ইরাকাত এক বিবৃতিতে বলেছেন, "আজ যা ঘটে চলেছে তা জেরুজালেম প্রশ্নে আগ বাড়িয়ে যে কোনো সমাধান চাপিয়ে দিতে ইসরায়েলি সরকারের রাজনৈতিক কর্মসূচির আওতায়ই ঘটছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৬ ঘ.
bdnews24