তেহরান, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নারীকে গ্রেপ্তার করেছে ইরান। ইরানের একটি সংবাদপত্র বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
অবৈধভাবে ইরানে প্রবেশের পর গুপ্তচরবৃত্তির সন্দেহে গ্রেপ্তার করা হয় ৫৫ বছর বয়সের ওই নারী হাল তালায়ানকে।
তবে খবরটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে জানাতে পারেননি কর্মকর্তারা।
খবরটি সত্য হলে পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও পশ্চিমাদের মধ্যকার বিরোধপূর্ণ সম্পর্ক এ ঘটনাকে কেন্দ্র করে আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে।
ইরানে ইতোমধ্যেই গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক রয়েছে দুই মার্কিন নাগরিক।
রাষ্ট্রীয় দৈনিক 'ইরান' এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই নারী আমেরিকা থেকে ইরানে প্রবেশ করে। পরে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নোরদৌজ শহরে তাকে আটক করা হয়।
তবে কখন তাকে আটক করা হয়েছে সে সম্পর্কে প্রতিবেদনে কিছু বলা হয়নি। তবে তার কাছে গুপ্তচরবৃত্তির আলামত পাওয়া গেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৪২ ঘ.
bdnews24