ওয়াশিংটন, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে অতিরিক্ত ১৪শ' মেরিন সেনা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বসন্তে লড়াইয়ের সম্ভাবনা বেশি থাকায় শক্তি বৃদ্ধির লক্ষ্যেই সেনা পাঠানোর এই পরিকল্পনা।
দ্য ওয়ালস্ট্রিট জার্নাল বৃহস্পতিবার এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে।
অজ্ঞাত এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়ালস্ট্রিট জানায়, "মার্কিন নৌসেনারা মধ্যজানুয়ারি থেকে আফগানিস্তানে নামা শুরু করতে পারে। তাদের বেশি অংশকে দেশটির দক্ষিণাঞ্চল কান্দাহারের আশে-পাশে পাঠানো হবে। গত কয়েকমাস ধরে ওই অঞ্চলটির ওপরই মার্কিন বাহিনী বেশি মনোযোগ দিয়েছে।"
২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে। সেখানে বর্তমানে যুক্তরাষ্ট্রের এক লাখ সেনা মোতায়েন রয়েছে।
২০০৮ সাল থেকে তালেবান জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হলেও ক্ষমতচ্যুত হওয়ার পর বর্তমান সময়েই তারা শক্তপোক্ত অবস্থানে রয়েছে।
গত বছর আফগানিস্তানে ৭শ' বিদেশি সেনা নিহত হয়েছে। রেকর্ড মাত্রায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
গত মাসেই প্রেসিডেন্ট ওবামা আফগানিস্তানে যথেষ্ট অগ্রগতি অর্জিত হয়েছে দাবি করে অঙ্গীকার অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে সেনা প্রত্যাহার শুরু হবে বলে ঘোষণা দেন।
মার্কিন বাহিনীর ২০১৪ সাল থেকে নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আফগান বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।
ওবামার ওপর আফগান যুদ্ধের ফলাফল প্রকাশের চাপও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫১৭ঘ.
bdnews24