২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে আশ্রয় চাইতে পারেন লিনা সেন

মাওবাদীদের সহযোগিতা করার অভিযোগে কারারুদ্ধ ভারতের মানবাধিকার কর্মী বিনায়ক সেনের স্ত্রী লিনা সেন বিদেশে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 11:12 AM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওবাদীদের সহযোগিতা করার অভিযোগে কারারুদ্ধ ভারতের মানবাধিকার কর্মী বিনায়ক সেনের স্ত্রী লিনা সেন বিদেশে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। স্বামীকে সাজা দেওয়ার পর তিনি ও পরিবারের সদস্যরা ভারতে নিরাপদ বোধ করছেন না বলে সোমবার বিবিসিকে জানান লিনা। তিনি বলেন, "এখন আমার একটাই পথ খোলা আছে। আর তাহলো উদার, গণতান্ত্রিক দেশগুলোর দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়া। "পুলিশ আমাদের ওপর সারাক্ষণ নজরদারি করছে। অনেক অজ্ঞাতনামা মেইল আসছে আমাদের কাছে এবং টেলিফোনে আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং আমাদের ফোনের কথা-বার্তা সবসময় রেকর্ড করা হচ্ছে।" ২৪ ডিসেম্বর মাওবাদীদের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে বিনায়ক সেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ভারতের একটি আদালত। তাকে আটক করা হয় ২০০৭ সালের মে মাসে। বানোয়াট তথ্য-প্রমাণের ভিত্তিতে সেনকে সাজা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে মানবাধিকার কর্মীরা। বিনায়ক সেনের বিচারে আন্তর্জাতিক মানদণ্ডের লঙ্ঘন হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার গ্র"প অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মার্কিন লেখক নোয়াম চমস্কি, ভারতের ইতিহাসের অধ্যাপক রোমিলা থাপারসহ অনেক বিখ্যাত ভারতীয় শিক্ষাবিদ একটি বিবৃতিতে বিনায়ক সেনের সাজা হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। তারা বলেন, রাষ্ট্রবিরোধী কাজে সংশ্লিষ্টতার অভিযোগে বিনায়ক সেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া ছত্তিশগড়ের আদালতের ওই রায়ে তারা কষ্ট পেয়েছেন। শিশু রোগ বিশেষজ্ঞ বিনায়ক সেন আদিবাসী জনগোষ্ঠীর জন্য একটি সাপ্তাহিক ক্লিনিক ও কমিউনিটি ভিত্তিক স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৭০৫ ঘ.