সিউল, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাশের ছবিতে গোলগাল চেহারার নির্লিপ্ত মুখের যে ব্যক্তিটি উত্তর কোরিয়ার শাসক কিম জং-ইলের পাশে বসে আছেন তিনি তার ছোট ছেলে কিম জং-উন-- যিনি ইলের পরবর্তী ক্ষমতাসীন নেতা হওয়ার অপেক্ষায় আছেন।
উন এ সপ্তাহে উত্তর কোরিয়ার একটি জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক পদে আসীন হয়েছেন। কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন এ দেশটির লক্ষ্য পারমাণবিক ক্ষমতাধর হওয়া যা কয়েক বছর ধরে বহির্বিশ্বের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার ছবিটি প্রকাশ করেছে। নিয়োগ পাওয়ার পর এটি তার প্রথম প্রকাশিত ছবি। এর আগে যে ছবিগুলো পাওয়া গেছে তা তার শৈশবের।
উন সুইজারল্যান্ডে পড়াশোনা করেছেন- এর বাইরে তার সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। তিনি ইলের তৃতীয় ছেলে।
'কোরিয়ান ইন্সস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিক্যাশনে'র পার্ক ইয়ং-হো জানান, ছবিটি অলিখিতভাবে এ কথাটিই তুলে ধরছে যে, তরুণ কিমই দেশের পরবর্তী উত্তরাধীকারী হচ্ছেন।
তিনি বলেন, "এখন জনসমক্ষে এ ব্যাপারটি স্পষ্ট হয়েছে যে, তিনিই উত্তরসূরী...... উত্তর কোরিয়ার ক্ষমতা বলয়ে কিম জং-উনই এখন দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি- ছবি একথাই বলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৫ ঘ.
bdnews24