কারাকাস, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----ভেনেজুয়েলার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ইউনাইটেড সোস্যালিস্ট পার্টি (পিএসইউভি) সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিরোধী জোট এক-তৃতীয়াংশেরও বেশি আসন পেয়েছে।
এতে ক্ষুন্ন হয়েছে পার্লামেন্টে শ্যাভেজের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা। ফলে ২০১২ সালের পুননির্বাচনের আগে শ্যাভেজের সমাজতান্ত্রিক সংস্কার পরিকল্পনা পাস করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচনে ক্ষমতাসীন 'ইউনাইটেড সোস্যালিস্ট পার্টি' কমপক্ষে ৯০ টি। আর বিরোধী দলীয় জোট 'ডেমোক্র্যাটিক ইউনিটি কোয়ালিশন' (এমইউডি) কমপক্ষে ৫৯ টি আসনে জয়ী হয়েছে।
এ ফলে দেখা যাচ্ছে, পার্লামেন্টে পিএসইউভি এর দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা উল্টে দেওয়ার জন্য প্রয়োজনীয় ৫৫ ভোট পেরিয়ে গেছে বিরোধী জোট।
তৃতীয় পার্টি 'পাত্রিয়া পারা তোডোস' (পিপিটি) দুটি আসনে জয় পেয়েছে। ১৬৫ আসনের পার্লামেন্টের বাকি ১৪ টি আসন সংরক্ষিত।
বিরোধী দলীয় জোট পার্লামেন্টে এক তৃতীয়াংশের বেশি আসন লাভ করায় ন্যাশনাল এসেম্বলিতে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের একচেটিয়া আধিপত্য থাকছে না।
আর তাতে দেশটির সমাজতান্ত্রিক যাত্রায় প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে এবার শ্যাভেজ বাধা পাবেন পার্লামেন্টে।
নির্বাচনী ফল প্রকাশের পর এমইউডি'র মুখপাত্র আরমান্দো ব্রিকুয়েত বলেন, "এ ফলাফল
আমাদের অনেক ক্ষমতা দিয়েছে। আমরা খুব খুশি।"
এ নির্বাচনকে ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে শ্যাভেজের সমর্থন যাচাইয়ের পরীক্ষা হিসেবেও বিবেচনা করা হচ্ছে।
শ্যাভেজ টানা ১১ বছর ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
এর আগে ২০০৫ সালে দেশটির পার্লামেন্ট নির্বাচন বয়কট করে বিরোধী দলগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/
bdnews24