বোগাটা, কলাম্বিয়া, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- কলাম্বিয়ার সেনাবাহিনী গভীর জঙ্গলে বিমান হামলা চালিয়ে 'দ্য রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়া'র (ফার্ক) শীর্ষ নেতা মোনো জোজোয়কে হত্যা করেছে। বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এ খবর জানানো হয়।
ফার্কের শীর্ষ নেতা নিহতের ঘটনা গত কয়েক দশক ধরে চলা লাতিন আমেরিকার সবচেয়ে পুরনো এই সশস্ত্র আন্দোলনের জন্য বিশাল এক ধাক্কা।
অগাস্টে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল স্যান্তোসের জন্য এ অভিযান একটি রাজনৈতিক ও সামরিক বিজয়। ক্ষমতা গ্রহণের সময় স্যান্তোস বিদ্রোহী গেরিলাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছিলেন।
কলাম্বিয়ার সেনাবাহিনী জানায়, ৫৯ বয়সী জোজোয় স্থল ও বিমান হামলায় নিহত হয়েছেন। এ অভিযানে ৩০ টি বিমান ও ২৫টি হেলিকপ্টার অংশ নেয়।
ফার্কের সর্বশেষ শক্তঘাঁটি বলে পরিচিত ম্যাকারেনা অঞ্চলে চালানো এই অভিযানে আরো ২০ জন বিদ্রোহীও নিহত হয়েছে।
এর আগে রোববার ইকুয়েডরের সীমান্তবর্তী সান মিগুয়েল শহরের নিকটবর্তী পুতুমায়ো এলাকার জঙ্গলে বিদ্রোহীদের একটি ঘাঁটিতে কলাম্বিয়ার সেনাবাহিনী বিমান হামলা চালালে ২২ ফার্ক বিদ্রোহী নিহত হয়।
এ মাসের শুরুর দিকে ঐ এলাকায় ফার্ক বিদ্রোহীদের হামলায় আট পুলিশ সদস্য নিহত হয়। স্যান্তোস ক্ষমতা গ্রহণের পর থেকে ফার্ক বিদ্রোহীরা কলাম্বিয়ায় হামলা চালানো বাড়িয়ে দেয়।
বিশ্লেষকদের ধারণা সরকারকে শান্তি আলোচনায় বসতে বাধ্য করার জন্যই তারা সহিংসতার মাত্রা বাড়িয়ে দিয়েছিল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩০ঘ.
bdnews24