নয়া দিল্লি , সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-------- ভারতের রাজধানী নয়া দিল্লিতে মঙ্গলবার কমনওয়েলথ গেমস ভেন্যু জওহরলাল নেহেরু স্টেডিয়ামের কাছে নির্মাণাধীন একটি সেতু ধসে কমপক্ষে ২৩ জন আহত হয়েছে। (আরো তথ্যসহ)
আহতদের দ্রুত সফদরজং হাসাপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
কমনওয়েলথ গেমস শুরু হওয়ার মাত্র কয়েকদিন বাকি থাকতে এ দুর্ঘটনা ঘটলো।
পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, আমরা খবর পেয়েছি জওহরলাল নেহেরু স্টেডিয়ামের তিন নম্বর গেটের কাছে পুরো ওভারব্রিজ ভেঙে পড়েছে।
ওই মুখপাত্র এ ঘটনায় আহতের সংখ্যা ১৯ উল্লেখ করেন।
প্রায় ৫০ মিটার দীর্ঘ স্টিলের পিলার দেওয়া সেতুটি জওহরলাল নেহেরু স্টেডিয়ামের কাছেই ভেঙে পড়ে। উদ্বোধনী অনুষ্ঠানের দিন আয়োজকদের এ সেতুটি ব্যবহারের কথা ছিল।
স্টেডিয়াম থেকে পার্কিং এলাকায় হেঁটে যাওয়ার জন্য সংযোগকারী এ সেতুটি নির্মাণ করা হচ্ছিল।
এর আগে গতকাল স্টেডিয়ামের আচ্ছাদন খসে পড়লে দুই জন পুলিশ কর্মকর্তাসহ তিনজন আহত হয়।
অলিম্পিকের পর সবচেয়ে বড় ক্রীড়া আসর কমনওয়েলথ গেমস ২০১০ আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। ৩ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ গেমস অনুষ্ঠিত হবে।
তবে এ আসর আয়োজনের অবকাঠামো এখনো নির্মানাধীন হওয়ায় তা গেমসের জন্য ঝুঁকি সৃষ্টি করেছে। গেমসের ব্যবস্থাপনা নিয়ে ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে।
সূত্র: রয়টার্স/পিটিআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৮২৩ ঘ.
bdnews24