পাটনা, ভারত, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারতের উত্তরাঞ্চলে অস্বাভাবিক মৌসুমী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে ৫ লাখেরও বেশি মানুষ বাস্তুহারা হয়েছে। এছাড়াও হাজার হাজার একর জমির ফসল তলিয়ে গেছে।
সোমবার কর্মকর্তারা একথা জানিয়েছেন।
শুক্রবার থেকে বিহার রাজ্যে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এতে গন্দক নদীর পানি বেড়ে শ' শ বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে এবং প্রায় ৩০ হাজার একর জমির ভুট্টা, ধান ও আখ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ত্রাণ কমিশনার কে কে সিনহা জানান, প্রতিবেশী রাজ্য উত্তর প্রদেশে কমপক্ষে ৫০ হাজার একর ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এর বেশিরভাগই আখ ক্ষেত।
সেইসঙ্গে তিনি আরো জানান, বন্যায় ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সরকার তা হিসাব-নিকাশ করে দেখছে।
স্থানীয় টেলিভিশন চিত্রে দেখা গেছে, প্লাবিত গ্রামের অধিবাসীরা ছাগল ও শিশু কোলে নিয়ে বুক সমান পানির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে।
উত্তর প্রদেশে আরো বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া কর্মকর্তারা পূর্বাভাস দিয়েছেন।
এছাড়া, বন্যা কবলিত অঞ্চলগুলোতে আরো বৃষ্টিপাত হতে পারে বলে মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে। ফলে আরো অনেক অঞ্চল বন্যা কবলিত হওয়ার আশঙ্কা বাড়ছে।
স
bdnews24