সিউল, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন 'ওয়ার্কার্স পার্টি' আগামী ২৮ সেপ্টেম্বর সম্মেলনের ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ মঙ্গলবার একথা জানিয়েছে।
শারীরিক অবস্থার অবনতির কারণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও ওয়ার্কার্স পার্টির নেতা ৬৮ বছর বয়সী কিম জং ইল তার উত্তরসূরি নির্বাচনের দিকে মনোযোগ দিয়েছেন। ধারণা করা হয় ২০০৮ সালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
এ সম্মেলনে কিম জং ইলের ছোট ছেলে কিম জং উন দলীয় প্রধানের দায়িত্ব পেতে পারেন বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, দলীয় সর্বোচ্চ নেতৃত্ব নির্বাচনে ওয়ার্কার্স পার্টি পিয়ংইয়ং-এ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
সম্মেলনটি সেপ্টেম্বরের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলন অনুষ্ঠানে দেরী হওয়ার ব্যাপারে কিছু না জানালেও কেসিএনএ তাদের প্রতিবেদনে বলেছে, সম্মেলনের প্রতিনিধি বাছাইয়ে সারা দেশে দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৯৮০ সালে কিম জং ইল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা ও বাবা কিম ইল সাংয়ের উত্তরসূরি নির্বাচিত হওয়ার পর দেশটিতে এবারই সবচেয়ে বড় দলীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২০৫ঘ.
bdnews24