২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়াকে সামরিক আলোচনার প্রস্তাব দক্ষিণের

উত্তর কোরিয়ার সঙ্গে ৩০ সেপ্টেম্বর সামরিক আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 02:35 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

সিউল, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয়ার সঙ্গে ৩০ সেপ্টেম্বর সামরিক আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার একথা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ কোরীয় জাহাজডুবি এবং সংঘাতময় পশ্চিম উপকূল নিয়ে বিরোধের অবসান ঘটাতে দায়িত্বশীল পদক্ষেপ নিয়ে দুপক্ষে আলোচনার প্রস্তাব উত্তর কোরিয়াকে দিয়েছে দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়াকে ২৪ সেপ্টেম্বর সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে সামরিক আলোচনার প্রস্তাব দিয়েছিল উত্তর কোরিয়া। টর্পেডোর আঘাতে গত মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডোবানোর জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে আসছে সিউল। ওই দুর্ঘটনায় ৪৬ জন নাবিক প্রাণ হারায়। তবে উত্তর কোরিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনার পর থেকে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য, উত্তর কোরিয়ার অর্থনীতি এমনিতেই নাজুক অবস্থায় রয়েছে। এর মধ্যে কয়েক মাসের বন্যার ধকল সামলাতে হচ্ছে দেশটিকে। অন্যদিকে, নেতা কিম জং-ইলের স্বাস্থ্যের ক্রমাবনতি হওয়ায় উত্তরাধিকার সূত্রে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এ পরিস্থিতিতে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। শুক্রবার গত তিন বছরের মধ্যে এই প্রথম উত্তর কোরিয়ায় চাল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া। প্রতিদ্বন্দ্বী এ দু'দেশের মধ্যে কয়েক দফা সমঝোতাপূর্ণ আচরণের সর্বশেষ পদক্ষেপ এটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৩ ঘ.