২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় বিস্ফোরকবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত ৬০

শ্রীলংকায় শুক্রবার বিস্ফোরকবাহী একটি ট্রাক দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে অন্ততপক্ষে ৬০ জন নিহত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 10:12 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

কলোম্বো, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলংকায় শুক্রবার বিস্ফোরকবাহী একটি ট্রাক দুর্ঘটনাবশত বিস্ফোরিত হয়ে অন্ততপক্ষে ৬০ জন নিহত হয়েছে। শ্রীলংকার পূর্বাঞ্চলীয় বাত্তিকালোয়া নগরীর কাছে একটি পুলিশ স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনী একথা জানিয়েছে। সেনা মুখপাত্র মেজর জেনারেল উবায়া মেদাওয়েলা বলেন, "পুলিশ স্টেশনটিতে ৬০ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই পুলিশ।" তিনি বলেন, বাত্তিকালোয়ার কাছে কারাদিয়ানারুর পুলিশ স্টেশনের পাশেই ট্রাকটি দাঁড় করিয়ে রাখা ছিল। সেখানেই এতে বিস্ফোরণ ঘটে। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। বিস্ফোরকগুলো রাস্তা নির্মাণ কাজের জন্য সরবরাহ করার কথা ছিল বলেও জানায় বিবিসি। মেদাওয়েলা বলেছেন, এটি নিছকই দুর্ঘটনা। এ ঘটনায় সন্দেহজনক কিছু পাওয়া জায়নি। তাছাড়া পুলিশ স্টেশনটিতে সর্বচ্চো নিরাপত্তা ছিল। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি জানিয়েছিল, দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিক রয়েছে। তবে নিহত বিদেশিদের পরিচয় সম্পর্কে তারা বিস্তারিত কিছু না জানালেও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তারা চীনের নাগরিক। শ্রীলংকায় তামিল বিচ্ছিন্নতাবাদী গেরিলাদের সঙ্গে প্রায় তিন দশকের গৃহযুদ্ধ শেষ হয় গতবছর। এর আগে বহুবছর ধরে শ্রীলংকা তামিল টাইগারদের আত্মঘাতী বোমা হামলার শিকার হয়ে আসছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬০৯ ঘ.