লন্ডন, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) আহ্বায়ক ইমরান ফারুক বৃহস্পতিবার লন্ডনে ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
তবে তার এই হত্যাকাণ্ড রাজনৈতিক কিনা এ বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি।
এমকিউএম করাচির প্রভাবশালী একটি রাজনৈতিক দল। দলটির জ্যেষ্ঠ সদস্য ফয়সাল সাব্বারি রয়টার্সকে বলেন, "আমরা পুলিশি তদন্তের বিস্তারিত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।"
লন্ডনে নির্বাসিত নিহত এই নেতার বিরুদ্ধে খুনসহ নানা ধরনের নিপীড়নের অভিযোগ রয়েছে। তার মৃত্যুতে ১০ দিনের শোক ঘোষণা করেছে এমকিউএম।
লন্ডন পুলিশের এক মুখপাত্র জানিয়েছে, ৫০ বছর বয়স্ক ইমরানকে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
গত মাসে করাচিতে এমকিউএম-এর এক জ্যেষ্ঠ নেতা রাজা হায়দার একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে গেলে বন্দুকধারীদের গুলিতে দেহরক্ষীসহ নিহত হন। এ ঘটনার জেরে করাচিজুড়ে সহিংসতায় ৪৫ জন নিহত হয়।
হায়দারের হত্যাকাণ্ডে ঘটনায় তালেবান ও নিধিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন সিপাহ-ই-শাহবাব পাকিস্তান জড়িত বলে অভিযোগ করে সরকার।
১৯৯০-এর দশকে এমকিউএম-এর কর্মীরা করাচিতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িত ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৫ঘ.
bdnews24