২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুমৃত্যু এক তৃতীয়াংশ কমেছে: জাতিসংঘ

১৯৯০ সাল থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর সংখ্যা এক-তৃতীয়াংশ কমেছে। জাতিসংঘ শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2010, 05:01 AM

Updated : 25 Aug 2022, 06:39 PM

লন্ডন, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১৯৯০ সাল থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর সংখ্যা এক-তৃতীয়াংশ কমেছে। জাতিসংঘ শুক্রবার একথা জানিয়েছে। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের তথ্য থেকে জানা গেছে, ১৯৯০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার ১ কোটি ২৪ লাখ থেকে কমে ৮১ লাখে দাঁড়িয়েছে। তবে জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ (এমডিজি ৪) এ ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার দুই-তৃতীয়াংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইউনিসেফের এ তথ্য 'দ্য লানচেট' মেডিকেল জার্নালের বিশেষ সংস্করণে প্রকাশিত হয়েছে। এতে দেখানো হয়েছে ১৯৯০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রতি হাজারে শিশু মৃত্যুর হার ৮৯ থেকে কমে ৬০ জনে দাঁড়িয়েছে। যা প্রায় এক তৃতীয়াংশ কম। ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, "সুখবর হচ্ছে যে, ১৯৯০ সালের চেয়ে প্রতিদিন বিশ্বে ১২ হাজার শিশু কম মারা যাচ্ছে।" এতে আরো জানানো হয়েছে, "এখনও প্রায় প্রতিদিন প্রায় ২২ হাজার শিশু মারা যায়। এদের প্রায় ৭০ শতাংশেরই বয়স এক বছরের কম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০৩২ঘ.