২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রগতি ছাড়াই শেষ তিনদিনের মধ্যপ্রাচ্য আলোচনা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মধ্যস্থতায় ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে তিনদিনের আলোচনা বৃহস্পতিবার সুস্পষ্ট কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 03:18 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

জেরুজালেম, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মধ্যস্থতায় ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে তিনদিনের আলোচনা বৃহস্পতিবার সুস্পষ্ট কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন ইস্যুতে দুপক্ষের মধ্যে অচলাবস্থা কাটার কোনো লক্ষণ দেখা যায়নি। এবিসি নিউজ এর সঙ্গে সাক্ষাৎকারে হিলারি তারপরও আশা প্রকাশ করে বলেছেন, ইসরায়েল ৩০ সেপ্টেম্বরের পর ইহুদি বসতিস্থাপন বন্ধ রাখার সময় বাড়াবে। কিন্তু ইসরায়েল জোর দিয়েই বলেছে, বসতিস্থাপন ১০ মাস বন্ধ রাখার মেয়াদ সময়মতোই শেষ হবে। ওদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও বলেছেন, বসতিস্থাপন বন্ধ না থাকলে তারা তাদের দাবি থেকে সরে আসবে না। মিশরে মঙ্গলবার থেকে শুরু হওয়া আলোচনার ইতি টেনে বাদশাহ আবদুল্লাহর সঙ্গে দেখা করতে জর্ডানে গেছেন হিলারি। হিলারি এর আগে দুপক্ষের আলোচনা ইতিবাচক বলে মন্তব্য করেন। বৃহস্পতিবার তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় গঠনমূলক অগ্রগতি হচ্ছে। এবিসি নিউজে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি বলব তারা গঠনমূলক পথেই এগুচ্ছে। আর এটা আমাদের জন্য খুবই স্বস্তিদায়ক।" তবে তিনি এও বলেন, "গঠনমূলক আলোচনার জন্য উপযোগী পরিবেশ বজায় রাখতে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১১৫ ঘ.