সিউল, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেনা পর্যায়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনা হ্রাসের লক্ষে এ প্রস্তাব দেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, উত্তরাঞ্চলীয় সীমানা, পশ্চিম উপকূলীয় সমুদ্র সীমা এবং উত্তরের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার প্রচারপত্র বিলির পরিকল্পনা বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া।
মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ 'চেওনান' টর্পেডোর আঘাতে ডুবে যায়। এতে দেশটির ৪৬ নাবিকের প্রাণহানি ঘটে। যুক্তরাষ্ট্র সমর্থিত দক্ষিণ কোরিয়া ওই ঘটনার শুরু থেকেই উত্তর কোরিয়াকে দায়ী করে আসছে। যদিও এ অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া।
এই ঘটনার পর থেকে দু'দেশের সম্পর্কে চরম অবণতি হয়। পাশাপাশি পারস্পরিক হুমকি-ধামকির ফলে উপদ্বীপটিতে যুদ্ধের খানিক সম্ভাবনাও দেখা দেয়।
দুই দেশের মধ্যে দূরত্ব কমানোর এই প্রস্তাব অঞ্চলটির নিঃসঙ্গ রাষ্ট্র উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন সময় এলো যখন দেশটি ইতোমধ্যে তার দুর্বল অর্থনৈতিক সামর্থ্য নিয়েই বড় ধরনের বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে।
পাশাপাশি প্রেসিডেন্ট কিম জং ইল-এর স্বাস্থ্য সমস্যার কারণে তার রাজনৈতিক উত্তরাধিকার মনোনীত করার চেষ্টাও এরই মধ্যে চলছে।
জাতিসংঘ কমান্ড (ইউএনসি) এবং উত্তর কোরিয়ার সেনা বাহিনীর মধ্যে কর্নেল পর্যায়ে বৃহস্পতিবার সীমান্তবর্তী পানমুনজম গ্রামে বৈঠক হওয়ার কথা। এই বৈঠককে সামনে রেখেই দুই দেশের মধ্যে আলোচনার প্রস্তাবটি এলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১০০ঘ.
bdnews24