প্যারিস, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষে বুধবার বিতর্কিত পেনশন সংস্কার বিল পাস হয়েছে।
নতুন এ বিলের আওতায় অবসর গ্রহণের সর্বনিম্ন বয়স ২০১৮ সাল নাগাদ ৬০ থেকে বেড়ে ৬২ হবে।
পার্লামেন্টের নিুকক্ষ 'ন্যাশনাল অ্যাম্বেলি'তে বিলটির পক্ষে ৩২৯ ভোট ও বিপক্ষে ২৩৩ ভোট পড়ে। ১৬ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়। বামপন্থীরা বিলটির তীব্র বিরোধিতা করে।
বিলটি এখন অনুমোদনের জন্য সিনেটে উত্থাপন করা হবে।
বিলটির বিপক্ষে বুধবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে এবং সরকারি কর্মজীবীদের ইউনিয়ন নেতারা দেশব্যাপী অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকার হুমকি দিয়েছে।
২০১৮ সাল নাগাদ অবসর গ্রহণের বয়স ৬২ করে ফ্রান্স ৭০ বিলিয়ন ইউরো সঞ্চয় করবে বলে দাবি করছে সরকার।
প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির একটি গুরুত্বপূর্ণ নীতি অবসর ভাতা সংস্কার প্রস্তাব। দেশটির প্রবীন মানুষ ও বাজেট ঘাটতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এ সংস্কার প্রয়োজন বলে দাবি করছেন তিনি।
গত সপ্তাহে দেশজুড়ে দশ লাখেরও বেশি মানুষ এ প্রস্তাবের বিরোধিতা করে রাস্তায় নেমে বিক্ষোভ করে।
সূত্র: বিবিসি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২২৫ঙ.
bdnews24