২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অডিও টেপে পাকিস্তান সরকারের সমালোচনায় জাওয়াহিরি

আল কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির একটি অডিও টেপ প্রকাশিত হয়েছে বুধবার। এতে জাওয়াহিরি পাকিস্তানের বন্যায় সরকারের ধীর পদক্ষেপের সমালোচনা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 06:38 PM

দুবাই, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির একটি অডিও টেপ প্রকাশিত হয়েছে বুধবার। এতে জাওয়াহিরি পাকিস্তানের বন্যায় সরকারের ধীর পদক্ষেপের সমালোচনা করেছেন। এর বিরুদ্ধে পাকিস্তানিদের সোচ্চার হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে ২০০১ সালে ১১ সেপ্টেম্বর হামলার বর্ষপূতি উপলক্ষে ৪৪ মিনিটের ওই অডিও টেপ প্রকাশ করা হয়। জাওয়াহিরি আফগান-পাকিস্তান সীমান্তে অবস্থিত কোন পর্বতে আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হয়ে আসছে। টেপে তিনি বলেন, "পকিস্তানের ক্ষমতাসীন সরকার এবং সেনাদের মূল লক্ষ্য দেশ-বিদেশের ব্যাংক একাউন্টগুলো ডলার দিয়ে ভরে তোলা। পাকিস্তান, পাকিস্তানের জনগণ জাহান্নামে গেল কিনা তা তাদের ভাবনার বিষয় না।" ছয় সপ্তাহ আগে শুরু হওয়া পাকিস্তানের এ বন্যায় ১ হাজার ৭০০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে এবং লাখ লাখ লোক হয়েছে গৃহহারা। এছাড়া মোট ৪৩ বিলিয়ন ডলারের ক্ষয়-ক্ষতি হয়েছে। ত্রাণ কার্যক্রমের মূল দায়িত্ব পালন করেছে পাকিস্তানের সেনারা। অন্যদিকে, বেসামরিক সরকার তাদের ধীর পদক্ষেপের জন্য সমালোচিত হয়েছে। জওয়াহিরির টেপটি আল কয়েদার একটি ইসলামিক ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে । গত বছর আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন ৯/১১ বর্ষপূর্তি উপলক্ষে একটি অডিও টেপ প্রকাশ করেছিলেন। কিন্তু এবছর তার কাছ থেকে এমন কোন সাড়া পাওয়া যায়নি। ধারণা করা হয় তিনিও আফগান-পাকিস্তান সীমান্তে অবস্থিত কোন পর্বতে আত্মগোপন করে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৬ ঘ.