গাজা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্যপ্রাচ্য সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা চলার সময় বুধবার মিশর সীমান্তবর্তী গাজার একটি সুড়ঙ্গ পথে বিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।
এ হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
হামাস গেরিলারা ইসরায়েলে রকেট ও মর্টার বোমা হামলা চালালে ইসরায়েল এ পাল্টা বিমান হামলা চালায়।
ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বুধবার জেরুজালেম সফর করছেন। তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যকার সরাসরি শান্তি আলোচনার মধ্যস্থতা করছেন।
গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার প্রত্যক্ষদর্শীরা বলেন, ইসরায়েলের বিমান হামলায় সুড়ঙ্গ পথের এক কর্মী নিহত এবং অন্য দু' জন আহত হয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা মিশরের সীমান্তবর্তী গাজার একটি সুড়ঙ্গ পথে বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, গাজা থেকে একটি রকেট ও আটটি মর্টার বোমা ছুড়লে তা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এসে আঘাত হানে। তবে তাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
তিনি জানান, ২০০৯ সালের মার্চের পর একদিনে এতগুলো মর্টার বোমা হামলার ঘটনা এটাই প্রথম।
গাজা নিয়ন্ত্রণকারী ইসলামি গ্র"প হামাস প্রেসিডেন্ট আব্বাসের শান্তি প্রচেষ্টার বিরোধিতা করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১০৫ ঘ.
bdnews24