২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরান পোড়ানোর পরিকল্পনার নিন্দায় ওবামা

নাইন ইলেভেন হামলার নবম বর্ষপূতিতে ফ্লোরিডা গির্জার কোরান পোড়ানোর পরিকল্পনার নিন্দা করার পাশাপাশি এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 01:45 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নাইন ইলেভেন হামলার নবম বর্ষপূতিতে ফ্লোরিডা গির্জার কোরান পোড়ানোর পরিকল্পনার নিন্দা করার পাশাপাশি এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, গির্জা কর্তৃপক্ষ কোরান পোড়ানোর যে পরিকল্পনা করেছে তাতে আল কায়েদাই লাভবান হবে। তাদের দলে লোক ভেড়ানো আরো সহজ হবে। তাছাড়া, এতে করে পাকিস্তান ও আফগানিস্তানে যুদ্ধরত মার্কিন সামরিক কর্মকর্তাদের জীবনও বিপন্ন হবে বলে ওবামা মন্তব্য করেন। আন্তর্জাতিক নিন্দার মুখেও ফ্লোরিডার গিন্সভিলের 'ডোভ ওয়ার্ল্ড আউটরিচ সেন্টার' নামের এক ছোট্ট গির্জা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আল কায়েদার সন্ত্রাসী হামলার বর্ষপূর্তি উপলক্ষে দিনটিকে 'আন্তর্জাতিক কোরান পোড়ানো দিবস' হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে। এবিসি'র 'গুড মর্নিং আমেরিকা' প্রোগ্রামে এক সাক্ষাৎকারে ওবামা বলেন, এটি আল কায়েদার জন্য দলে লোক ভেড়ানোর মোক্ষম সুযোগ তৈরি করবে। তিনি আরো বলেন, এতে আল কায়েদার আত্মঘাতী হামলাকারীরা উৎসাহিত হবে। পাকিস্তান এবং আফগানিস্তানের মতো জায়গাগুলোতে সহিংসতা মারাত্মক আকার ধারণ করতে পারে। আর এ থেকে আমেরিকা ও ইউরোপে আত্মঘাতী হামলা চালাতে ইচ্ছুক লোকজনদের আল কায়েদায় নিয়োগের ঘটনাও বেড়ে যেতে পারে। ফলে এ ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়ন না করার জন্য ফ্লোরিডা গির্জাকে পরামর্শ দিয়েছেন ওবামা। তাছাড়া, তিনি বলেন, এ পদক্ষেপ মার্কিনী হিসাবে আমাদের মূল্যবোধের পরিপন্থি। কারণ, যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতার ধারণায় বিশ্বাসী। কোরান পোড়ানোর পরিকল্পনা ইতোমধ্যেই বিশ্বব্যাপী নিন্দা, সমালোচনার মুখে পড়েছে। মুসলিম দেশগুলোসহ ন্যাটো জোট, ভ্যাটিক্যান, জাতিসংঘ এবং জার্মানিও এ পরিকল্পনার কঠোর নিন্দা করেছে। মঙ্গলবার আফগানিস্তানে মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডার ডেভিড পেট্রাউসও এর নিন্দায় বলেন, যুক্তরাষ্ট্রে কোরান পোড়ানো হলে কেবল আফগানিস্তানেই নয়, বরং তা সারা বিশ্বে মার্কিনীদের জীবনকে হুমকির মুখে ফেলবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, গির্জাটির পরিকল্পনা অশ্রদ্ধাপূর্ণ ও অবমাননাকর। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেছেন, পরিকল্পনাটি কান্ডজ্ঞানহীন ও বিপজ্জনক। কিন্তু নাটের গুরু ঐ গির্জার যাজক টেরি জোন্স সব নিন্দা ও সমালোচনা উপেক্ষা করে বলেন, "ইসলামের চরমপন্থী অংশের কাছে আমরা অবশ্যই একটি বার্তা পাঠাতে চাই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলবিসিএস/এলকিউ/১৮৩৬ঘ.