২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিলার্ডই অস্ট্রেলিয়ার ক্ষমতায় থাকছেন

পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও শেষ পর্যন্ত স্বতন্ত্র এমপিদের সমর্থন নিয়ে অস্ট্রেলিয়ায় ক্ষমতায় থাকছেন লেবার পার্টির নেতা জুলিয়া গিলার্ড। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

ক্যানবেরা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলেও শেষ পর্যন্ত স্বতন্ত্র এমপিদের সমর্থন নিয়ে অস্ট্রেলিয়ায় ক্ষমতায় থাকছেন লেবার পার্টির নেতা জুলিয়া গিলার্ড। মঙ্গলবার আরও দুই স্বতন্ত্র এমপি টনি উইন্ডসোর এবং রব ওয়াকেশোট গিলার্ডের প্রতি সমর্থন জানায়। গত সপ্তাহে এক স্বতন্ত্র এমপি এবং গ্রিন পার্টির এক এমপির সমর্থন লাভের পর এ দুই এমপির সমর্থন যুক্ত হওয়ায় পার্লামেন্টে এক আসনের সংখ্যাগরিষ্ঠতা পেল লেবার পার্টি। ফলে দুর্বল হলেও সরকার গঠন করতে পারছেন গিলার্ড। এর মধ্য দিয়ে দেশটিতে সরকার গঠন নিয়ে দুই সপ্তাহের অনিশ্চয়তার অবসান ঘটলো। সেইসঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই দেশটিতে প্রথমবারের মতো ঝুলন্ত সরকার গঠন হতে যাচ্ছে। দেশের রাজনৈতিক অচলাবস্থা অবসানের জন্য স্বতন্ত্র এমপিদের সঙ্গে দুই সপ্তাহের গোপন সমঝোতা আলোচনা শেষে মঙ্গলবার পার্লামেন্টে গিলার্ড সাংবাদিকদের বলেন, "সরকার গঠনের জন্য প্রস্তুত লেবার। আগামী তিন বছরের জন্য দেশের জনগণকে একটি স্থিতিশীল, কার্যকরী ও নিরাপদ সরকার উপহার দিতে প্রস্তুত লেবার।" তিনি আরো বলেন, "এ নির্বাচনে অস্ট্রেলিয়ার জনগণ আমাদের একটি বার্তা দিয়েছে। আমি সে বার্তাটি শুনেছি। আর তা হলো, দলীয় কোন্দলে জড়িয়ে না পড়ে দেশের সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করা।" শেষ দুই স্বতন্ত্র এমপির সমর্থন আদায়ে গ্রামীণ এলাকার উন্নয়নে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের অঙ্গীকার করেছেন গিলার্ড। আরেক স্বতন্ত্র এমপি উইন্ডসোরের সঙ্গে লেবার পার্টির প্রতি সমর্থন ঘোষণার পর এমপি রব ওয়াকেশোট সাংবাদিকদের বলেন, "এটা ভিন্নরকম পার্লামেন্ট হতে যাচ্ছে এবং কোনো একক দলের সরকারে বা পার্লামেন্টে আধিপত্য থাকবে না।" স্বতন্ত্র এমপিদের সমর্থন পাওয়ায় প্রধানমন্ত্রী গিলার্ড তার পরিকল্পনাগুলো বাস্তবায়নের দিকে অগ্রসর হতে পারবেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে, দেশব্যাপী একটি ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করা, লোহার আকরিক ও কয়লার খনি কোম্পানিগুলোর লভ্যাংশের ওপর ৩০ শতাংশ কর আরোপ এবং ২০২০ সাল নাগাদ ৫ শতাংশ কার্বন নির্গমন কমানোর জন্য পরিবেশ দূষণকারী প্রধান প্রতিষ্ঠানগুলোর ওপর কর আরোপ। অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী গিলার্ডের নেতৃত্বে লেবার পার্টি গত ২১ অগাস্টের নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে পার্লামেন্টের নিুকক্ষের ১৫০ আসনের মধ্যে লেবার পার্টি পায় ৭২ টি আসন এবং টনি অ্যাবোটের নেতৃত্বাধীন কনজারভেটিভরা পায় ৭৩ টি আসন। কিন্তু পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ছিলো ৭৬ টি আসন। শেষ পর্যন্ত পরিবেশবাদী গ্রীন পার্টির এক এমপি এবং তিন স্বতন্ত্র এমপির সমর্থন পাওয়ায় সরকার গঠন করতে পারছে লেবাররা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমআই/এএইচ/এএমটি/১৯৪০ ঘ.