২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আরো ২ হাজার সৈন্য চান পেট্রাউস

তালেবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধরত বিদেশি সেনাদলে আরো ২ হাজার সদস্য চাইছেন আফগানিস্তানে ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল ডেভিড পেট্রাউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 10:55 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ব্রাসেলস, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবান জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধরত বিদেশি সেনাদলে আরো ২ হাজার সদস্য চাইছেন আফগানিস্তানে ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল ডেভিড পেট্রাউস। আফগানিস্তানে সৈন্য বাড়াতে ন্যাটোভুক্ত দেশগুলোর অনাগ্রহের মধ্যেই পেট্রাউস এ অনুরোধ জানালেন। আফগানিস্তানে বর্তমানে ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্ট ফোর্স (আইএসএএফ) এর অধীনে দেড় লাখ সৈন্য রয়েছে, যার বেশির ভাগই যুক্তরাষ্ট্রের। ন্যাটো কর্মকর্তারা জানিয়েছেন, আইএসএএফকে আরো শক্তিশালী করতে গত সপ্তাহে জেনারেল পেট্রাউস এ অনুরোধ জানান। এছাড়া আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আরো প্রায় ৭৫০ জন প্রশিক্ষক পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ন্যাটো কর্মকর্তা বলেন, "এ ব্যাপারটি নিশ্চিত যে প্রায় ২ হাজার নতুন সেনা চাওয়া হবে। এ বিষয়ে আলোচনা চলছে।" ন্যাটো মহাসচিব আন্দ্রেস ফঘ রাসমুসেনের ওয়াশিংটন সফরের আগ মুহূর্তে পেট্রাউসের পক্ষ থেকে সেনা বাড়ানোর অনুরোধ জানানো হলো। দুদিনের সফরে সোমবার তিনি যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তবে কাবুলে পেট্রাউসের ন্যাটো কমান্ডের কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে প্রাথমিকভাবে সৈন্য সংখ্যা বাড়ালেও ২০১১ সাল থেকে সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে আছেন। তবে জেনারেল পেট্রাউস আগে থেকে সৈন্য প্রত্যাহারের দিনক্ষণ ঘোষণার পক্ষপাতি নন। তিনি বলছেন, পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এমআই/১৩১৩ ঘ.