ডাবলিন, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরাক যুদ্ধের জন্য এবার ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের দিকে জুতো, ডিম ছুড়েছে ডাবলিনের যুদ্ধবিরোধীরা। আয়ারল্যান্ডের জাতীয় গণমাধ্যম (আরটিই) এখবর জানিয়েছে।
নিজের প্রধানমন্ত্রীত্বের স্মৃতি নিয়ে লেখা বই 'অ্যা জার্নি'র ওপর সই দিতে শনিবার ডাবলিনের একটি বইয়ের দোকানে হাজির হলে এ পরিণতির শিকার হন তিনি।
ডাবলিনের ও'কর্নেল স্ট্রিটে ব্লেয়ার যে বইয়ের দোকানে উপস্থিত হন তার সামনে প্রায় দুইশ' বিক্ষোভকারী নিরাপত্তা বেষ্টনীর বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিক্ষুব্ধরা সেখান থেকে ব্লেয়ারের দিকে জুতো ও ডিম ছুড়ে মারেন।
সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে বলে মিথ্যা অভিযোগে ইরাক যুদ্ধে অংশ নেওয়ায় বিক্ষুব্ধরা স্লোগান দেয়, "ব্লেয়ার লায়েড, মিলিয়নস ডায়েড।' এ স্লোগান লেখা প্লাকার্ড নিয়ে মিছিলও করে তারা।
স্মৃতিকথায় ব্লেয়ারের প্রথমবারের মতো সই দেওয়া উপলক্ষে সেখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। কিন্তু নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ব্লেয়ারের দিকে তেড়ে আসতে চায় বিক্ষুব্ধরা।
এ ঘটনায় তিন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তবে বিক্ষুব্ধরা ব্লেয়ারকে আঘাত করতে পারেনি এবং পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
গত ১ সেপ্টেম্বর ব্লেয়ার বলেন, ইরাক যুদ্ধ যে ভয়াবহতার সৃষ্টি করেছে যুদ্ধের আগে তা তিনি কল্পনাও করতে পারেননি। কিন্তু তারপরও এ যুদ্ধে যোগ দেওয়ার জন্য অনুতপ্ত নন তিনি।
গত বুধবার প্রকাশিত তার স্মৃতিকথামূলক 'অ্যা জার্নি' বইটিতেও একথা লেখেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০৫২ ঘ.
bdnews24