ওয়েলিংটন, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প বিধ্বস্ত নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে রোববার কয়েকদফা শক্তিশালী পরাঘাত হয়েছে। এর সঙ্গে প্রবল ঝড়ো বাতাসের কারণে নতুন করে আরো ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
একের পর এক ৫ দশমিক ৪ মাত্রার পরাঘাতের সঙ্গে ঝড়ের কারণে ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়া ভবনগুলো ভেঙে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন শহরের নাগরিক সুরক্ষা কর্মকর্তারা।
গত ৮০ বছরের মধ্যে শনিবার সকালে শহরটিতে ৭ দশমিক ১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলে শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
তবে এতে কয়েকজন আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী জন কি একে অলৌকিক ঘটনা আখ্যা দিয়েছেন।
এত বড় ভূমিকম্পে কেউ নিহত না হওয়াটা অলৌকিক ব্যাপার বলে মন্তব্য করেন তিনি।
প্রাথমিক হিসেব অনুসারে ভূমিকম্পে প্রায় ২ বিলিয়ন নিউজিল্যান্ড ডলার বা ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভূমিকম্পের পর জরুরী অবস্থা ঘোষণা করা হয়। শহরের ব্যবসায়িক কেন্দ্রস্থলে সান্ধ্য আইন জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২১৯ঘ.
bdnews24