তেহরান, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইসরায়েল তাদের পরমাণু কর্মকাণ্ডে আক্রমণ করলে ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে তার পাল্টা জবাব দেবে ইরান। ইরানের সশস্ত্রবাহিনীর প্রধান হাসান ফিরোজাবাদি শুক্রবার একথা বলেছেন।
ফিরোজাবাদি ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহরকে বলেন, "আমাদের উন্নত অস্ত্র ইহুদি রাষ্ট্রের যে কোনো অংশে আঘাত হানতে সক্ষম। আমরা আশা করি, তাদের পরমাণু স্থাপনায় হামলা চালাতে তারা আমাদের বাধ্য করবে না।"
ইসরায়েলের কথা উল্লেখ না করে ইরান 'ইহুদি রাষ্ট্র'র কথা বলেছে। ইসরায়েল মনে করে, ইরানের পরমাণু কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তেহরান বিশ্ববিদ্যালয়ে আল-কুদস দিবস উপলক্ষে এক বক্তব্যে ইসরায়েলের উদ্দেশে বলেন, বাধা সৃষ্টি না করে ইরানকে একা চলতে দিন।
তিনি বলেন, "আমি বলতে চাই, কেবল ইহুদিরাই নয় বরং তাদের প্রভুরাও ইরানি জাতি এবং তাদের অধিকারের ওপর অঙ্গুলি স্পর্শের ক্ষমতা রাখে না।"
ধারণা করা হয় ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু ক্ষমতাধর রাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে দেশটির ওপর সামরিক হামলা চালানোর সম্ভাবনা নাকচ করেনি ইসরায়েল।
ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে বলে পশ্চিমা বিশ্বের সন্দেহ। তবে এ অভিযোগ নাকচ করে ইরান বলে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৯৩৩ ঘ.
bdnews24