২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি আলোচনা অব্যাহত রাখতে সম্মত ইসরায়েল ও ফিলিস্তিন

ইসরায়েল ও ফিলিস্তিনের নেতারা বৃহস্পতিবার সরাসরি শান্তি আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে সম্মত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 08:11 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েল ও ফিলিস্তিনের নেতারা বৃহস্পতিবার সরাসরি শান্তি আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে সম্মত হয়েছেন। ছয় দশক ধরে চলা দ্বন্দ্বের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে পৌঁছনোর উদ্দেশ্যে বৃহস্পতিবার বিবদমান দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে প্রথম দফা আলোচনায় মধ্যস্ততা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। পূর্ববর্তী অনেক প্রচেষ্টা ব্যর্থ হলেও এবারের পদক্ষেপ সফল হবে বলে হিলারি আশাবাদ ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আরব-ইসরায়েল শান্তি চুক্তি নিশ্চিত করার বিষয়টি তার পররাষ্ট্রনীতির অন্যতম ইস্যু। নেতানিয়াহু ও আব্বাস ১৪ ও ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফা আলোচনায় বসবেন বলে জানিয়েছেন। সেখানে হিলারি উপস্থিত থাকবেন। এরপর থেকে প্রতি দুই সপ্তাহ পর পর আলোচনা অব্যাহত থাকবে। দ্বিতীয় দফা আলোচনা মিশরে অনুষ্ঠিত হবে বলে কূটনৈতিকসূত্র নিশ্চিত করেছে। দুই নেতাই আলোচনায় শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েলের পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্র"তি ব্যক্ত করেছেন। নেতানিয়াহু ইসরায়েলের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সন্ত্রাসীদের হুমকিকেও বিবেচনায় এনেছেন। অন্যদিকে আব্বাসের দাবি, পশ্চিম তীরে ইসরায়েল কোনো বসতি স্থাপন করতে পারবেনা এবং গাজার ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এছাড়া ফিলিস্তিনিদের চলাফেরায় স্বাধীনতা দিতে ইসরায়েলের নিরাপত্তা চৌকি কমানোর দাবি জানিয়েছে তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১২৩৮ঘ.