২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির সুযোগ নষ্ট না করার আহ্বান ওবামার

শান্তি আলোচনা নষ্ট হওয়ার কোনো সুযোগ না দেওয়ার জন্য বুধবার ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2010, 04:44 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শান্তি আলোচনা নষ্ট হওয়ার কোনো সুযোগ না দেওয়ার জন্য বুধবার ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সরাসরি শান্তি আলোচনায় পুনরায় শুরুর প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট এ আহ্বান জানান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বুধবার পৃথক বৈঠকের পর ওবামা বলেন, "আমি বলেছি এমন সুযোগ খুব শিগগির আর নাও আসতে পারে। তারা যেন একে ব্যর্থ করে না দেয়।" পশ্চিম তীরে নতুন করে সহিংসতা ও ইহুদি বসতি স্থাপন নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে শান্তি আলোচনায় সাফল্যের ব্যাপারে কিছুটা সন্দেহের কথা ওবামাও স্বীকার করেছেন। পাশাপাশি মঙ্গলবার হামাসের জঙ্গিদের গুলিতে চার ইসরায়েলি নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এ ঘটনা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন নেতৃত্ব। এর আগে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপনে অনেক মার্কিন নেতা ব্যর্থ হয়েছেন, একথা স্মরণ করে ওবামা জানান, শান্তি আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে চ্যালেঞ্জ, সে বিষয়ে তিনি কোনো ভ্রান্তির মধ্যে নেই। ইসরায়েল ও ফিলিস্তিনি নেতৃত্ব বৃহস্পতিবার নিজেদের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু করবেন বলে কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০০৮ঘ.