শিকাগো, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গোপন বাণিজ্যিক তথ্য চুরির দায়ে ইন্ডিয়ানা এগ্রিকালচারাল কোম্পানির সাবেক কর্মী এক চীনা বিজ্ঞানীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। চীনা সরকারের স্বার্থে গুপ্তচরবৃত্তি ও তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
সরকারি কৌসুলিরা মঙ্গলবার একথা জানিয়েছেন।
৪৫ বছর বয়সী কেজু হুয়াং নামের ঐ চীনা বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার 'দো অ্যাগ্রো সায়েন্সসেস'র একজন গবেষক ছিলেন।
হুয়াং ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত ঐ কোম্পানিতে কর্মরত ছিলেন। সেখানে তিনি জৈব কীটনাশকের উন্নয়ন গবেষণায় নিয়োজিত ছিলেন।
চুক্তিভঙ্গ করে দো'র গোপন বাণিজ্যিক তথ্য উল্লেখ করে চীনের হুনান নরমাল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে চীনে একটি প্রবন্ধ প্রকাশ করেন হুয়াং ।
ইন্ডিয়ানার সরকারি কৌসুলির দপ্তর থেকে প্রকাশিত অভিযোগপত্রে একথা বলা হয়েছে।
অভিযোগপত্রে আরো বলা হয়, তিনি চীনা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে দো'র পণ্যের ওপর গবেষণা করেছেন এবং তাদের বাণিজ্যিক তথ্য ব্যবহার করেই দো'র সঙ্গে চীনা কোম্পানির প্রতিযোগিতার চেষ্টা করেন।
১৩ জুলাই ম্যাসাচুসেটস থেকে হুয়াংকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার ইন্ডিয়ানার আদালতে তাকে প্রথমবারের মতো হাজির করা হয়।
অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির অভিযোগের ১২ টি ধারার প্রত্যেকটিতে ১৫ বছর পর্যন্ত এবং তথ্য পাচারের অভিযোগের ৫ টি ধারার প্রত্যেকটিতে তার ১০ বছরের সাজা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১১ ঘ.
bdnews24