নয়া দিল্লি, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতে সার্ভার বসানো এবং ইন্টারনেট তথ্য-উপাত্তে প্রবেশাধিকার চেয়ে গুগল ও স্কাইপকে নোটিশ পাঠাবে ভারত সরকার। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বুধবার একথা জানিয়েছেন। (আরো তথ্যসহ)
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারত সরকার ব্ল্যাকবেরির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি অনলাইনে কথা বলা যায় গুগল, স্কাইপের মতো এমন মেসেজিং সিস্টেমের ওপরও নজরদারি করতে চায়।
অন্যান্য বেশ কিছু দেশের মতো ভারত ইতোমধ্যেই বলেছে, জঙ্গিরা যাতে এসব ব্যবহার করে অপতৎরতা চালতে না পারে সেজন্য সব তথ্য-উপাত্ত সঠিকভাবে চিহ্নিত করা, ব্ল্যাকবেরির ই-মেইল পড়া এবং উপাত্তে প্রবেশাধিকার চায় সরকার।
ব্ল্যাকবেরির কানাডীয় নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন বা 'রিম' কে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ইতোমধ্যেই বলেছে, তাদের সেট থেকে করা ই-মেইল এবং মেসেজিং এর তথ্য সরকারের কাছে না দেওয়া হলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।
কথা ছিল ৩১ অগাস্টের মধ্যে সরকারের কথা না মানলে এ পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। এ নিয়ে দুপক্ষে আলাপ আলোচনা হয়েছে। ফলে আরো ২ মাস হাতে পেয়েছে রিম।
ব্ল্যাকবেরি ফোনসেটে পাঠানো ইমেইল বা এসএমএস এর তথ্য এমনভাবে দেওয়া হয় যে ব্ল্যাকবেরি নিজে থেকে ওই তথ্যে প্রবেশাধিকার না দিলে এর ওপর নজরদারি চালানো কঠিন।
চলতি সপ্তাহে এক সরকারি সূত্র জানিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে ব্ল্যাকবেরির তথ্যে ভারত সরকারকে প্রবেশাধিকার দেবে
'রিম'। আর তাতে এ স্মার্টফোনটি বন্ধ করার সিদ্ধান্ত থেকে সরে আসার পথ তৈরি হয়েছে নয়া দিল্লির।
স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই সাংবাদিকদের বলেন, "গুগল ও স্কাইপ এর কাছেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নোটিশ পাঠাবে সরকার।" তবে কখন এ নোটিশ দেওয়া হবে সে সম্পর্কে কিছু বলেননি তিনি।
গুগল এবং স্কাইপের মেসেজিং সিস্টেমের ওপর ভারত সরকার নাখোশ। নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠকে সরকার এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গুগল বা স্কাইপের মধ্য দিয়ে সন্ত্রাসীরা যোগাযোগ করলে এর তথ্য পাওয়া দুস্কর।
এটি নিয়েই নিরাপত্তা কর্তৃপক্ষ উদ্বিগ্ন। আর সেকারণেই ফোন সার্ভিস এবং মেসেজিং সিস্টেম নিয়ন্ত্রণের উপায় খুঁজছে তারা।
গুগল, স্কাইপকে নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে এর পরিপ্রেক্ষিতেই। নোটিশের নির্দেশ অনুযায়ীই তাদেরকে কাজ করতে হবে। দিতে হবে প্রয়োজনীয় উপাত্ত। নইলে ভারতে তাদের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৩৮ ঘ.
bdnews24