২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে খনি শ্রমিকদের উদ্ধারে সুড়ঙ্গ খনন শুরু

চিলির দুর্ঘটনা কবলিত খনিতে আটকা পড়া ৩৩ শ্রমিককে উদ্ধারে সুড়ঙ্গ খনন শুরু করেছে উদ্ধারকর্মীরা। একাজ শেষ হতে চার মাস সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

চিলি, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির দুর্ঘটনা কবলিত খনিতে আটকা পড়া ৩৩ শ্রমিককে উদ্ধারে সুড়ঙ্গ খনন শুরু করেছে উদ্ধারকর্মীরা। একাজ শেষ হতে চার মাস সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খনি শ্রমিকরা গত তিন সপ্তাহ ধরে ভূপৃষ্ঠ থেকে ৭ শ' মিটার গভীরে আটকা পড়ে আছেন। অস্ট্রেলিয়ায় নির্মিত খননযন্ত্র 'স্ট্রাটা ৯৫০' দিয়ে সোমবার দিনের শেষভাগে সুড়ঙ্গ খনন শুরু হয়। যন্ত্রটি দিয়ে প্রথমে পরীক্ষামূলকভাবে সরু একটি গর্ত খুঁড়ার পর এখন আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছতে সুড়ঙ্গ খনন করা হচ্ছে। পরে সুড়ঙ্গটিকে ৬০ সেন্টিমিটার চওড়া করা হবে। কর্মকর্তারা বলেন, খনন কাজ শেষ করে শ্রমিকদের বের করতে চার মাসের বেশি সময় লেগে যাবে। একাজে অনুমানিক ৯০ থেকে ১২০ দিন লাগতে পারে বলে জানান তারা। তারপর সুড়ঙ্গটির ভিতরে লিফট দিয়ে তার সাহায্যে এক একজন শ্রমিককে বের করে আনা হবে। মাটির নিচের গরম আবহাওয়ার কারণে এরই মধ্যে কিছু শ্রমিকের চর্মরোগ ও শরীরে ক্ষতসহ ব্যাথা শুরু হয়েছে। চিলির খনিমন্ত্রি লরেন্স গোলবোর্ন বলেন, শ্রমিকদের উদ্ধার প্রচেষ্টায় ১০ টিরও বেশি পদ্ধতি বিবেচনা করা হয়েছে। তবে এক মাসের মধ্যে তাদের উদ্ধারের বিষয়টি নাকচ করে দিয়েছেন তিনি। তিনি বলেন, "৩০ দিনের মধ্যে তাদের উদ্ধারের কোনো পদ্ধতি এখন পর্যন্ত আমাদের হাতে নেই।' বর্তমানে তিনটি সরু ছিদ্র পথে আটকা পড়া শ্রমিকদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ ও পর্যাপ্ত বাতাস যাওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। রোববার আটকা পড়া শ্রমিকদের প্রত্যেকে টেলিফোনে নিজের পরিবারের সঙ্গে এক মিনিট কথা বলার সুযোগ পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/