ওয়াশিংটন, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওবামা প্রশাসনের একটি কর্মসূচির বিরুদ্ধে সোমবার মামলা করেছে 'দ্য আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন' ও সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইটস' নামের দুটি সংগঠন।
সংগঠন দুটির দাবি অনুযায়ী, এক কর্মসূচিতে মার্কিন বিরোধী ধর্মীয় নেতা আনওয়ার আল-আওলাকির মতো দেশের বাইরে জঙ্গি হয়ে জীবন যাপন করছে বলে ধারণা করা মার্কিন নাগরিকদের হত্যার অনুমতি দেওয়া হয়েছে।
মামলাটি করা হয়েছে ওই কর্মসূচির বিরুদ্ধে।
সংস্থা দুটি'র মামলাতে বলা হয়েছে, এসব নাগরিকদের চিহ্নিত করে হত্যা করার সিদ্ধান্ত মার্কিন সংবিধান ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
এক বিবৃতিতে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের নির্বাহী পরিচালক অ্যান্থনি রোমেরো বলেন, "মার্কিন নাগরিকদের হত্যার অনুমোদন দেওয়া এ কর্মসূচি বিচার বিভাগের ভুল, অসাংবিধানিক, বেআইনি ও অমার্কিন সুলভ।"
এর আগে মার্কিন প্রশাসন মুসলিম আল আওলাকিকে ২০০৯ সালের বড়দিনে ব্যর্থ বিমান হামলা চেষ্টা ও টেক্সাসে ফোর্ট হুডে সেনাবাহিনীর এক মেজরের এলোপাতাড়ি গুলির ঘটনার সঙ্গে জড়িয়েছে।
ফোর্ট হুডের ঘটনায় ১৩ জন নিহত হন।
তবে আল-আওলাকির বিরুদ্ধে জনসম্মুখে কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী আওলাকি ২০০১ সালে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন।
তিনি ইয়েমেনে বসবাস করছেন বলে ধারণা করা হয়ে থাকে, যেখানে আল কায়েদা ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে।
মার্কিন কর্মকর্তারা জানান, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা পরিষদ এ বছরের শুরুতে আল-আওলাকিকে হত্যার জন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'কে সবুজ সংকেত দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৪৮ঘ.
bdnews24