কাবুল, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর/ডটকম)----- উত্তরাঞ্চলীয় সার-ই-পুল প্রদেশে প্রথম তেল উত্তোলন করেছে আফগানিস্থান। দিনে কম করে হলেও ৮শ ব্যারেল তেল উত্তোলনের পরিকল্পনা করেছে তারা।
কর্মকর্তারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
এ তেল শোধন করতে এখন খুব শিগগিরই ঠিকাদারদের জন্য দরপত্র আহ্বান করবে আফগানিস্থানের খনি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র জাওয়াদ ওমর বলেন, "অবকাঠামো অনেক দিন ধরেই আছে। আমরা তা সংস্কার করেছি এবং এই প্রথম আমরা তেল খুঁড়ে তুলছি।"
সম্প্রতি কয়েক বছরে আফগানিস্থানে লুক্কায়িত খনিজ সম্পদ নিয়ে নানা হিসাব-নিকাশ হয়েছে। এ সম্পদের মূল্য ৩ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বলেও ধারণা করা হয়ে আসছে।
কিন্তু আফগানিস্থানে চলমান যুদ্ধ এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাবের কারণে বিনিয়োগকারীরা এ সম্পদ কাজে লাগানোয় নিরুৎসাহিত হয়েছে।
এ মাসের শুরুর দিকে খনি মন্ত্রণালয় দেশের উত্তরে একটি তেলক্ষেত্র খুঁজে পাওয়ার কথা জানায়। সার-ই-পুল প্রদেশের এ তেলক্ষেত্রে মোট ১ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল তেল রয়েছে।
আফগানিস্থানের উত্তরাঞ্চল তেল ও গ্যাসের খনি সমৃদ্ধ। এ অমূল্য খনিজ সম্পদ পশ্চিমা তহবিলের ওপর থেকে নির্ভরশীলতা কমাবে বলেই মনে করে আফগানিস্থান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩৫০ঘ.
bdnews24