২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় গণধর্ষকদের বিচারে সহায়তা করবে যুক্তরাষ্ট্র

কঙ্গোয় নারী ও শিশুদের গণধর্ষণকারী বিদ্রোহীদের বিচারের আওতায় আনার প্রচেষ্টায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2010, 06:36 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

ওয়াশিংটন, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কঙ্গোয় নারী ও শিশুদের গণধর্ষণকারী বিদ্রোহীদের বিচারের আওতায় আনার প্রচেষ্টায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বুধবার এ ঘোষণা দেন। জাতিসংঘের তথ্য অনুসারে মাই মাই মিলিশিয়া ও রুয়ান্ডার হুতু এফডিএলআর বিদ্রোহীরা উত্তর কিভু প্রদেশের লুভুঙ্গি শহরের কমপক্ষে ১৫৪ জন নারী ও শিশুকে গণধর্ষণ করে। এই দুই বিদ্রোহী গোষ্ঠী ৩০ জুলাই থেকে ৩ অগাস্ট পর্যন্ত শহরটি দখলে রেখেছিল। এক বিবৃতিতে হিলারি বলেন, "শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টাকে যৌন সহিংসতা কীভাবে পণ্ড করে দেয় এটা তার আরেকটি রোমহর্ষক উদাহরণ।" তিনি আরো বলেন, "কঙ্গোর পূর্বাঞ্চলে নারী, শিশু ও বেসামরিকদের জন্য নিরাপদ বাসস্থান তৈরিতে এবং ধর্ষকদের শাস্তি দিতে জাতিসংঘ ও কঙ্গোর সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।" এ ঘটনায় মর্মাহত বান তাৎক্ষণিক শান্তিরক্ষা বিভাগের উপ প্রধান অতুল খারেকে কঙ্গো পাঠানোর সিদ্ধান্ত নেন। এ ঘটনায় জাতিসংঘ খুবই মর্মাহত হয়েছে। কেননা এ বিশ্ব সংস্থাটির প্রধান হিসেবে বেসামরিকদের রক্ষা ও যৌন সহিংসতা বন্ধই জাতিসংঘের প্রধান কাজ হিসেবে তুলে ধরেছেন বান। বিশেষ করে গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে। কঙ্গোয় বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রায় ২০ হাজার সদস্য নিয়োজিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২২৬ঘ.