২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলির আটকে পড়া খনি শ্রমিকদের খাদ্য ও ওষুধ সরবরাহ শুরু

চিলির খনিতে ১৮ দিন ধরে আটকে থাকা শ্রমিকদের বাঁচিয়ে রাখতে খাবার ও ওষুধ সরবরাহ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 07:56 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

চোপিয়াপো, চিলি, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চিলির খনিতে ১৮ দিন ধরে আটকে থাকা শ্রমিকদের বাঁচিয়ে রাখতে খাবার ও ওষুধ সরবরাহ শুরু হয়েছে। খনিমন্ত্রী লরেন্স গোলবোর্ন জানান, আটকে পড়া শ্রমিকদের কাছে 'ডোভ' নামের প্লাস্টিক টিউবে করে গ্লুকোজ সলিউশন, হাইড্রেশন জেল ও ওষুধ পাঠানো হচ্ছে। তবে তাদের উদ্ধার করতে প্রায় চার মাস লেগে যেতে পারে বলে জানান তিনি। রেডিও লিঙ্কের মাধ্যমে খনিতে আটকে পড়া শিফট লিডার লুইস উরজুয়া খনি মন্ত্রীকে বলেন, "আমরা ভালো আছি। উদ্ধারের অপেক্ষায় রয়েছি আমরা।" এসময় আটকে পড়া অন্যান্য শ্রমিকদের তালি দিতে দিতে চিলির জাতীয় সঙ্গীত গাইতে শোনা যাচ্ছিল। গোলবোর্ন জানান, আটকে থাকলেও যতটা আশা করা হয়েছিল শ্রমিকদের অবস্থা তার চেয়েও বেশ ভালো। খনিতে দীর্ঘদিন ধরে আটকে থাকা ঘটনার মধ্যে এটি অন্যতম। রাষ্ট্রীয় মালিকানাধীন তামা খনি কোডেলকোস এল টেনিয়েন্টের ব্যবস্থাপক অ্যান্ড্রু সুগারেট জানান, প্রকৌশলীরা আরো দুটি গর্ত খুঁড়বে। এর একটি দিয়ে বাতাস চলাচল নিশ্চিত করা হবে ও অন্যটি (অপেক্ষাকৃত বড়) তৈরি করা হবে শ্রমিকদের উদ্ধারের জন্য। তবে শ্রমিকদের উদ্ধারের এ গর্ত তৈরিতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলেও জানান তিনি। এই দীঘসূত্রিতার বিষয়ে আটকে পড়া শ্রমিকদের কিছু জানানো হয়নি। আটকেপড়াদের আত্মীয়রা এ ঘটনাকে বিস্ময়কর বলে উল্লেখ করেছেন। গত ৫ অগাস্ট চিলির উত্তরাঞ্চলীয় চোপিয়াপো শহরের কাছাকাছি ছোট একটি স্বর্ণ ও তামার খনিতে বিস্ফোরণ ঘটলে তারা আটকে যায়। এরপর রোববার তারা বেঁচে আছে বলে একটি বার্তা পাঠায়। ভূ-পৃষ্ঠ থেকে সাড়ে চার মাইল অভ্যন্তরে ছোট্ট একটি অ্যাপার্টমেন্টে তারা আশ্রয় নিলেও বাতাস চলাচলের সমস্যার কারণে তারা এখন একটি টানেলে অবস্থান করছেন বলে সুগারেট জানান। এদিকে এ দুর্ঘটনার ফলে বিশ্বের এক নম্বর তামা উৎপাদনকারী দেশ চিলির খনির নিরাপত্তার বিষয়ে প্রশ্ন উঠেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৫০ঘ.