ক্যানবেরা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- একটি স্থিতিশীল সরকারই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ।
সোমবার পার্লামেন্ট হাউজে সাংবাদিদের তিনি বলেন, "অমীমাংসিত নির্বাচনী ফলাফলের কারণে অবশ্যই অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তবে একটি স্থিতিশীল ও কার্যকর সরকার গঠনের ব্যাপারে কোনো অনিশ্চয়তা নেই।"
অমীমাংসিত নির্বাচনী ফলাফলের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ায় রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু সরকারই গঠিত হতে যাচ্ছে এ বিষয়টি প্রায় নিশ্চিত।
আর সরকার গঠনের লক্ষ্যে ক্ষমতাসীন ও বিরোধী উভয় পক্ষই এখন স্বতন্ত্রপ্রার্থীদের দ্বারস্থ হচ্ছে।
ফলে অস্ট্রেলিয়ায় আরো এক সপ্তাহ রাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।
এদিকে কনজারভেটিভরা সরকার গঠন করলে পরিকল্পিত খনি কর বাতিল হবে বলে অর্থবাজার সংশ্লিষ্টরা ধারণা করছেন।
ক্ষমতাসীন লেবার পার্টি ও বিরোধী কনজারভেটিভ দল স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন নিজেদের দিকে টানার লক্ষ্যে দৌঁড়-ঝাপ শুরু করেছে।
প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে মুখোমুখি আলোচনার জন্য এখন ক্যানবেরায় অবস্থান করছেন।
এদিকে লেবার পার্টির চেয়ে টনি অ্যাবটের নেতৃত্বে বিরোধী দল বেশি আসন পাচ্ছেন কিনা তার ওপরই সংখ্যালঘু কনজারভেটিভ সরকার গঠনের বিষয়টি নির্ভর করছে।
অস্ট্রেলিয়ায় ১৫০ আসনের পার্লামেন্টে নিুকক্ষের নিয়ন্ত্রণ পেতে ৭৬ টি আসন প্রয়োজন হলেও বড় দুটি দলের কেউই তা পায়নি। ফলে দুটি দলই স্বতন্ত্র প্রার্থীদের দলে টানার চেষ্টা চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/সিআর/১৩১২ঘ.
bdnews24