২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরাসরি শান্তি আলোচনায় সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা সরাসরি শুরু করতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও অন্য পরাশক্তির আমন্ত্রণে সাড়া দিয়ে শুক্রবার দেশদুটি সম্মতি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 05:00 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ওয়াশিংটন/জেরুজালেম, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা সরাসরি শুরু করতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও অন্য পরাশক্তির আমন্ত্রণে সাড়া দিয়ে শুক্রবার দেশদুটি সম্মতি জানায়। আগামী ২ সেপ্টেম্বরের ওই আলোচনার পর ১ বছরের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও বিশ্বের সবচেয়ে অনিয়ন্ত্রিত সংঘর্ষ বন্ধ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি আলোচনা শুরুর আগে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন। এক বিবৃতিতে ক্লিনটন বলেন, "আগেও কিছু সমস্যা ছিল, সামনেও এ ধরনের সমস্যা আসতে পারে।" গত ২০ মাসের মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে প্রথম এ সরাসরি আলোচনায় মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক ও জর্ডানের বাদশাহ আব্দুল্লাহকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান। হিলারি বলেন "কঠিন সময়ে দুপক্ষকে আলোচনা চালিয়ে যেতে এবং সামনের দিকে অগ্রসর হতে আহ্বান জানিয়েছি। যাতে ওই অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনের দিকে এগিয়ে যাওয়া যায়।" হিলারির বক্তব্যে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনার মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের মতামতই প্রতিধ্বনিত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ গ্রহণ করে জানান, কঠিন হলেও এ আলোচনা থেকে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব। আমন্ত্রণ পাওয়ার পর পশ্চিম তীরের শহর রামাল্লাতে এক বৈঠক শেষে ফিলিস্তিনি কর্তৃপক্ষও সরাসরি আলোচনার আমন্ত্রণ গ্রহণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০১২ঘ.