ওয়াশিংটন, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু অস্ত্র তৈরি করতে ইরানের আরো এক বছর সময় লাগবে বলে ইসরায়েলকে আশ্বস্ত করেছে ওবামা প্রশাসন। নিউ ইয়র্ক টাইমস বৃহস্পতিবার একথা জানিয়েছে।
হোয়াইট হাউসের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, মার্কিন প্রশাসনের ধারণা, তাদের এ আশ্বাসে আগামী বছরের মধ্যে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলের আগ বাড়িয়ে হামলার সম্ভাবনা স্তিমিত হয়েছে।
ইরানকে পরমাণু কর্মসূচি পরিহারে বাধ্য করতে ইসরায়েল শেষ প্রচেষ্টা হিসেবে সামরিক হামলার আভাস দিয়েছিল। কিন্তু ইরান বরাবরই তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এ সন্দেহে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
পরমাণু অস্ত্র তৈরি করতে ইরানের কত দিন লাগবে এ প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বারাক ওবামার পরমাণু ইস্যু বিষয়ক প্রধান উপদেষ্টা গেরি সামোর বলেছেন, "আমাদের ধারণা, তাড়াতাড়ি হলেও এক বছর সময় লাগবে।"
তিনি আরো বলেন, "এক বছর অনেক সময়।"
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬০২ ঘ.
bdnews24