ভিনেইয়ার্ড হ্যাভেন, ম্যাস, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল ও ফিলিস্তিনকে আগামী ২ সেপ্টেম্বর ওয়াশিংটনে সরাসরি শান্তি আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে শুক্রবার এ আমন্ত্রণ জানান তিনি।
এক বছরের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোই বৈঠকের লক্ষ্য।
এক বিবৃতিতে হিলারি বলেন, "অতীতে জটিলতা ছিল। আগামী দিনগুলোতেও থাকবে..... আমি সংশ্লিষ্ট সব পক্ষকেই এ কঠিন সময়ের মধ্যেও কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানাই। যাতে এ অঞ্চলের সমস্যার সুষ্ঠু সমাধান বেরিয়ে আসে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায়।"
যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘের প্রতিনিধিরা বৃহস্পতিবার ইসরায়েল ও ফিলিস্তিনকে ২ সেপ্টেম্বরে আলোচনায় বসার আহ্বান জানাতে একমত হয়।
এ মতৈক্যের পরই হিলারি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানালেন।
ইসরায়েল ও ফিলিস্তিন এ আলোচনায় বসতে রাজি হবে বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট বারাক ওবামাও এতে অংশ নেবেন।
তবে আলোচনার বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/সিআর/১৩৩০ঘ.
bdnews24