২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বন্যা: জাতিসংঘের আহ্বানে ৬০ ভাগ অর্থের প্রতিশ্রুতি

পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতি কাটিয়ে উঠতে ৪৫ কোটি ৯০ লাখ ডলার ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 07:01 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

জাতিসংঘ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতি কাটিয়ে উঠতে ৪৫ কোটি ৯০ লাখ ডলার ত্রাণ সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে ৬০ শতাংশ অর্থ পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ইতিমধ্যে জাতিসংঘের আহ্বানের জবাবে বন্যা দুর্গত পাকিস্তানকে আরো ৬ কোটি মার্কিন ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জাতিসংঘের সাধারণ সভায় বলেছেন, "আজ আমি নতুন করে ৬ কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্র"তি দিচ্ছি। যুক্তরাষ্ট্র জরুরি ত্রাণ সহায়তার জন্য ১৫ কোটি ডলারের বেশি অনুদান দেবে।" তিনি আরো বলেছেন, এর মধ্যে প্রায় ৯ কোটি ২০ লাখ ডলার ডলার জাতিসংঘের ত্রাণ পরিকল্পনার আওতাভুক্ত সরাসরি সহায়তার মাধ্যমে প্রদান করা হবে। জাতিসংঘ জানিয়েছে, প্রায় তিন সপ্তাহের বন্যায় ৪০ লাখের বেশি লোক গৃহহারা হয়েছে। ফলে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। হিলারি জাতিসংঘের অন্যান্য সদস্য রাষ্ট্রকে পাকিস্তানের জন্য ত্রাণ সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। হিলারি বলেছেন, "আমি বুঝতে পারছি আমার দেশসহ অন্যান্য অনেক দেশ কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি এবং তাদের খুব হিসেবি বাজেটের মধ্যে চলতে হচ্ছে।" "অন্যদিকে এ বছর হাইতির ভূমিকম্প থেকে শুরু করে রাশিয়ার দাবানলসহ অনেক প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছি আমরা। কিন্তু পাকিস্তানের সহায়তা আহ্বানের জবাবে আমাদের অবশ্যই কাজ করতে হবে।" তিনি আরো বলেন, "আমি পাকিস্তানের জনগণকে জানাতে চাই এ দুর্যোগের মুহূর্তে জাতিসংঘ আপনাদের পাশে আছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১২৪৫ঘ.