তেহরান, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখেও ইরান আরো ১০ টি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি সোমবার একথা জানিয়েছেন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইএইএ'র সঙ্গে ইরানের জ্বালানি বিনিময় চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরুর আগে তিনি এ মন্তব্য করলেন। আলোচনা সফল হলে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পরবর্তীতে আরো ব্যাপক পরিসরে আলোচনার পথ সুগম হবে।
কিন্তু পশ্চিমা কর্মকর্তারা এ আলোচানার সাফল্য নিয়ে সন্দিহান। কারণ ইরান ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং কম-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধি শুরু করেছে যা পশ্চিমাদের জন্য উদ্বেগের।
ইরান আরো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপন করলে আইএইএ- এর সঙ্গে আলোচনা জটিল হয়ে উঠতে পারে।
সালেহি বলেছেন, ইরান নতুন ১০ টি পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপনের জন্য জায়গা ঠিক করে ফেলেছ। এর মধ্যে একটির কাজ আগামী মার্চে শুরু হবে। রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে তিনি একথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৬ ঘ.
bdnews24