২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আরো মানুষের মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

পাকিস্তানে বন্যা দুর্গতদের জন্য দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারলে দ্বিতীয় দফায় আরো মানুষের মৃত্যু ঘটবে বলে বুধবার সতর্ক করে দিয়েছে জাতিসংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 03:12 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

শুক্কুর, পাকিস্তান , আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- পাকিস্তানে বন্যা দুর্গতদের জন্য দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছাতে না পারলে দ্বিতীয় দফায় আরো মানুষের মৃত্যু ঘটবে বলে বুধবার সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবিক ত্রাণ কার্যক্রম বিষয়ক মুখপাত্র মাউরিজিও গিউলিয়ানো বলেছেন, পাকিস্তানের বন্যা কবলিত বিশাল জনগোষ্ঠীকে জরুরি ত্রাণ সহায়তা না পাঠানো গেলে বা জীবনধারণের জন্য প্রয়োজনীয় সহায়তা না দিতে পারলে খাদ্য সংকট এবং রোগে ভুগে দ্বিতীয় দফায় আরো অনেক মানুষ মারা যাবে। পাকিস্তানের বন্যাপীড়িতদের জন্য জাতিসংঘ বুধবার কয়েকশ মিলিয়ন ডলারের জরুরি আন্তর্জাতিক ত্রাণ সহায়তা দেওয়ার আহ্বান জানানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বন্যার সময় ইউরোপ সফর চালিয়ে যাওয়ায় ব্যাপক সমালোচিত হওয়ার পর বন্যা পরিস্থিতির আরো অবনতির ফলে মঙ্গলবার দেশে ফিরে এসেছেন। পাকিস্তানে ৮০ বছরের মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১৬শ'র বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাব অনুযায়ী ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া, বন্যা কবলিত এলাকায় নতুন করে বৃষ্টিপাতের কারণে বন্যা দুর্গত ১ কোটি ৩০ লাখ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। দুই সপ্তাহ আগে ইন্দু নদীর অববাহিকায় ভারি মৌসুমি বৃষ্টিপাতের কারণে এ বন্যার সৃষ্টি হয়। বন্যায় পাকিস্তানের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের দিকে ১ হাজার কিলোমিটারেরও বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্র পাকিস্তানের বন্যা কবলিত মানুষের জন্য অতিরিক্ত দুই কোটি ডলার সাহায্যর ঘোষণা দিয়েছে। তবে সরকারকে এ সাহায্য গ্রহণ না করার আহ্বান জানিয়ে নিজেরাই এ অর্থ দেওযার প্রস্তাব দিয়েছে পাকিস্তানের তালেবান গোষ্ঠী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /বিবি/এলকিউ/২১০৭ ঘ.