সিউল, আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে সোমবার বিতর্কিত জলসীমায় উত্তর কোরিয়া বেশ কয়েক রাউন্ড গোলা ছুড়েছে বলে অভিযোগ করেছে দক্ষিণের সশস্ত্র বাহিনী।
দক্ষিণ কোরিয়া জানায়, উত্থর কোরিয়া ১০০ রাউন্ডেরও বেশি গোলা ছুড়েছে। এগুলো বিতর্কিত সমুদ্রসীমার কাছে পশ্চিম উপকূলে গিয়ে পড়ে।
পীত সাগরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার পরপরই উত্তর কোরিয়া এ গোলা ছুড়ল।
গত মার্চে উত্তর কোরিয়ার একটি টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ চেওনান ডুবে ৪৬ নাবিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে কোনোরকম হামলা করা থেকে বিরত রাখতে যৌথ মহড়া শুরু করে।
দক্ষিণ কোরিয়ার লেফটেন্যান্ট-কমান্ডার ইয়ু জায়ে-ইল সিউলে সোমবার এ গোলা হামলার খবর নিশ্চিত করেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানান নি।
এ বছরের শুরুর দিকেও উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার জলসীমার কাছে বেশ কয়েক রাউন্ড গোলা ছুড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৩ ঘ.
bdnews24