২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়েতে পালিয়ে গেলেন ইরানের আইনজীবী

ইরানের আইনজীবী মোহাম্মদ মোস্তাফাই একজন নারীকে পাথর মেরে হত্যার বিরুদ্ধে লড়ার কারণে দেশের কর্তৃপক্ষের হাত থেকে রক্ষা পেতে নরওয়ে পালিয়ে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 11:21 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

অসলো, আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের আইনজীবী মোহাম্মদ মোস্তাফাই একজন নারীকে পাথর মেরে হত্যার বিরুদ্ধে লড়ার কারণে দেশের কর্তৃপক্ষের হাত থেকে রক্ষা পেতে নরওয়ে পালিয়ে গেছেন। রোববার মোস্তাফাই একথা জানিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার বিষয়ক আইনজীবী মোহাম্মদ মোস্তাফাই (৩৭) ইরানি কর্তৃপক্ষের জেরার মুখে ২৪ জুলাই তেহরান ছেড়ে পালিয়ে যান। এরপর তার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়। ইরানি বিচার ব্যবস্থার তীব্র সমালোচক মোস্তাফাই অসলোর এক সাংবাদিক সম্মেলনে একজন দোভাষীর মাধ্যমে বলেছেন, মৃত্যুদন্ডের মুখোমুখি তরুণ-তরুণীসহ শত শত মক্কেলকে নিয়ে তিনি লড়েছেন। তিনি আরো বলেছেন, "কিন্তু এর বিনিময়ে আমি কী পেলাম? আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আর যখন তারা আমাকে পেলো না, আমার স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হলো।" মোস্তাফাই জানান, নরওয়ে যাওয়ার কারণ হলো তার কাছে নরওয়ের পর্যটন ভিসা ছিল এবং তিনি তুরষ্কের নরওয়ে দূতাবাসের কাছ থেকে সহায়তা পেয়েছেন। তুরস্ক পর্যন্ত তিনি গাড়িতে, ঘোড়ার পিঠে ও পায়ে হেঁটে গেছেন। ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইসলামি শরিয়া আইন অনুযায়ী হত্যা, ব্যভিচার, ধর্ষণ, সশস্ত্র ডাকাতি, ধর্মত্যাগ এবং মাদক পাচারের শাস্তি মৃত্যুদন্ড। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী জোনাস গর স্টোয়ের রয়টার্সকে বলেছেন, মোস্তাফাই নিরাপদে পৌঁছতে পারায় তিনি সন্তুষ্ট। তিনি আরো বলেছেন, "কিন্তু ইরানের অন্যান্য মানবাধিকার কর্মী ও তাদের মক্কেলদের ভাগ্য নিয়ে আমরা এখনো উদ্বিগ্ন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/এলকিউ/১৬৪৭ ঘ.