কাবুল, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে অস্ত্রধারীদের গুলিতে ৮ জন বিদেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। পুলিশ ও কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন।
নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানির নাগরিক রয়েছেন।
যুক্তরাষ্ট্রের আফগান দূতাবাসের মুখপাত্র কেইটলিন হেইডেন এক বিবৃতিতে বলেন, "আমরা ধারণা করছি, নিহতদের মধ্যে কয়েকজন মার্কিন নাগরিক রয়েছেন। তবে এই মুহুর্তে বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।"
এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে তালেবান। ঐ স্বাস্থ্যকর্মীরা খ্রিস্টান ধর্ম প্রচার করতো বলে অভিযোগ করেছে তারা।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ একটি গোপন স্থান থেকে রয়টার্সকে বলেন, তাদের কাছে দারি ভাষায় অনূদিত বাইবেল পাওয়া গেছে।
আফগান পুলিশ জানিয়েছে, ৬ জার্মানসহ ৮ জন বিদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় ৩ জন আফগানও নিহত হয়েছে বলে তারা জানান।
বাদাকশান প্রদেশের পুলিশ প্রধান আকা নুর কেন্তুজ বলেন, গুলিবিদ্ধ মৃতদেহগুলো শনিবার ভোরে পাওয়া যায়। তাদেরকে বেশ কয়েকদিন আগেই গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, বিদেশিরা নিজেদের ডাক্তার বলে পরিচয় দিতেন। কিন্তু কাগজপত্রে দেখা যাচ্ছে, আফগানিস্তানে তারা পর্যটক হিসেবে আসেন।
তিনি বলেন, বাদাকশান ও নুরিস্তান ভ্রমণকালে একটি জঙ্গলের কাছে ক্যাম্প করে থাকার সময় তারা অস্ত্রধারীদের আক্রমণের শিকার হন।
কেন্তুজ বলেন, "ভ্রমণ শুরুর আগে আমরা তাদেরকে নুরিস্তানের জঙ্গলের কাছে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছিলাম। কিন্তু তখন তারা বলেন যে, তারা ডাক্তার এবং কেউ তাদের আঘাত করবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/১৭৫৮ ঘ.
bdnews24