সুক্কুর, পাকিস্তান, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানে গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা দেড় হাজারের বেশি হয়েছে। বন্যায় নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছে সিন্ধু প্রদেশ।
প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। বন্যায় এ পর্যন্ত প্রায় ১৬০০ মানুষ নিহত হয়েছে এবং ৪০ লাখের বেশি মানুষ হয়েছে ঘরহারা।
কিন্তু বন্যার পানি উত্তর পশ্চিমাঞ্চল থেকে পাঞ্জাবের কৃষি জমি ও গ্রামের পর গ্রাম ডুবিয়ে এবার আঘাত হানছে সিন্ধু প্রদেশে।
আবহাওয়াবিদ হযরত মীর বলেছেন, সিন্ধু প্রদেশের উত্তরাঞ্চলে বন্যার পানি খুব দ্রুত গিয়ে পড়ছে এবং আগামী শনিবারের মধ্যে সুক্কুর শহরে তা ঢুকে যেতে পারে।
পাকিস্তানে জাতিসংঘের মানবিক ত্রাণ সহায়তা সমন্বয় দপ্তরের প্রধান কর্মকর্তা ম্যানুয়েল বেসলার বলেন, "আমরা যা দেখছি তাহলো, সহায়তার জন্য অপেক্ষারত মানুষের সমুদ্র।"
তিনি আরো বলেন, "এ সংকট কেবলই বাড়ছে। পরিস্থিতি ভালো হওয়ার আগেই আরো খারাপের দিকে যায় কিনা তা নিয়ে আমরা শঙ্কিত।"
সংকট মোকাবেলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিতে না পারায় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। এতে বড় ধরনের সংকট মোকাবেলা করার সামর্থ্য নেই সরকারের বলে মনে করছে পাকিস্তানের সাধারণ মানুষ। আর এজন্য তারা দুর্নীতি ও সরকারের দুর্বলতাকেই দায়ী করছে।
সুক্কুর শহরের দক্ষিণপূর্বাঞ্চলে সেনাদের নৌকায় করে বেশ কয়েক মাইল এলাকা ঘুরে দেখা রয়টার্সের এক ক্যামেরাম্যান বলেন, "আমাদের চারপাশে পানি ছাড়া আর কিছুই নেই।"
ঐ অঞ্চলের আলী নেওয়াজ নামের এক গ্রামবাসী বলেন, " বাড়ি ও খাবারসহ আমার সব হারিয়েছি। আমাদের কিছু নেই। কেউ আমাদের কাছে আসেনি।"
সিন্ধু প্রদেশ থেকে এ পর্যন্ত তিন লাখ ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
তবে এখনো ঘরবাড়ি হারানো অনেকে সুক্কুর শহরের সড়কের পাশে সাময়িক আশ্রয় নিয়ে উদ্ধার বা ত্রাণের আশায় প্রহর গুনছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩৫২ ঘ.
bdnews24