নয়া দিল্লি, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মুখে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এ অঞ্চলে ভারত সরকারের শান্তি প্রতিষ্ঠার স্বপ্ন হুমকির মুখে পড়েছে। বিক্ষোভ দমনে হিমশিম খাচ্ছে ভারত সরকার।
নয়াদিল্লি এ আন্দোলন উস্কে দেওয়ার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলোকে দায়ী করেছে। তবে চলমান আন্দোলন প্রমাণ করে, দীর্ঘদিনের দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে কাশ্মীরের মুসলিম তরুণদের স্বতঃস্ফূর্ত এ বিক্ষোভে।
বিশ্লেষকরা মনে করছেন, বিচ্ছিন্নতাবাদী এ আন্দোলনের মূল কারণ ভারত সরকার স্বীকার করে না নব্বইয়ের দশকের মতো কাশ্মীরে আবারো ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়ে পড়বে।
ভারতের বিখ্যাত 'দ্য হিন্দু' পত্রিকার কূটনীতি বিভাগের সম্পাদক সিদ্ধার্থ ভরদ্বাজ বলেছেন, আমার দেখা মতে, গত ২০ বছরের মধ্যে কেন্দ্রীয় সরকারের জন্য এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং এ সমস্যা সমাধানের পথও সরকারের জানা নেই।
গত জুন মাসে একটি কিশোরের মৃত্যুর মধ্য দিয়ে এ আন্দোলন শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক সপ্তাহব্যাপী কারফিউ জারি করা হয় সেখানে। কিন্তু কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারীরা পুলিশের উদ্দেশে পাথর ছুড়ে মারে এবং নিরাপত্তা ঘাঁটি ও থানায় আগুন লাগিয়ে দেয়।
বিক্ষোভে গত সাত সপ্তাহে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই পুলিশের গুলিতে নিহত হয়।
এ মুহূর্তে কাশ্মীরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি সংকট তীব্র হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসা-বাণিজ্য বন্ধ রয়েছে। বেশিরভাগ মানুষই ঘরের বাইরে বের হয় না।
মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে ভারত ও পাকিস্তান। তবে উভয় দেশই কাশ্মীরের একাংশ শাসন করে।
১৯৮৯ সালে ভারত শাসিত কাশ্মীরে সরকার বিরোধী জঙ্গিদের উত্থান ঘটলে সেখানে সেনাবাহিনী মোতায়েন করে কেন্দ্রীয় সরকার। তখন সহিংসতায় প্রায় ৪৭ হাজার মানুষ প্রাণ হারালেও মাত্র অল্প কয়েকবছর আগে সেখানে জঙ্গিদের পতন ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/এলকিউ/ ২০৫৮ ঘ.
bdnews24