কায়রো, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের রাজধানী কায়রোয় বিশ্বের সবচেয়ে বড় ইসলামিক আর্ট মিউজিয়াম সংস্কারের জন্য সাতবছর বন্ধ থাকার পর আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার চালু হচ্ছে।
জাদুঘরটির কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
৩ হাজার বছরেরও বেশি সময়ের পুরোনো গিজার পিরামিড ও লুজর মন্দির দেখার জন্য হাজার হাজার পর্যটক মিশরে ভিড় জমিয়ে আসছে। এরপরই পর্যটকদের কাছে আকর্ষণীয় কায়রোয় বহু বছরের পুরোনো এই আর্ট মিউজিয়াম।
২০০৩ সালে জাদুঘরটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে কয়েক হাজার কৌতুহলী পর্যটক ঝুঁকি নিয়ে জাদুঘরটি দেখতে ভিড় জমায়।
মিশরের রাজধানীর প্রাণকেন্দ্রে কোলাহলপূর্ণ একটি রাস্তার ধারে মিউজিয়ামটি অবস্থিত।
২০ শতকের শুরুর দিকে ইতালির আলফোনসো মানেসকালো জাদুঘর ভবনটির নকশা করেন। এতে সিরামিকস, দরজা, কাঠের অন্তঃপট, গাউন, গালিচা ও সমাধিসহ প্রায় তিন হাজার মূল্যবান সম্পদ রয়েছে।
ভূমিকম্পের কারণে ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছিল।
কায়রো মিউজিয়ামের মহাপরিচালক মোহাম্মদ আব্বাস সেলিম রয়টার্সকে বলেছেন, "আমাদের জাদুঘরটি পুরোনো এবং এর দেওয়ালগুলো মেরামত করা প্রয়োজন ছিল। তা না হলে এটি ধসে পড়ার ঝুঁকি ছিল।"
সেলিম ও তার সহকর্মীরা ৮০ হাজার দর্শনীয় বস্তুর মধ্যে ১ হাজার ৭০০ টি বাছাই করে মিউজিয়ামটি প্রদর্শনের জন্য উন্মুক্ত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/এলকিউ/১৮০০ ঘ.
bdnews24