২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বন্যা দুর্গত ৩০ লাখ

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের শিশু তহবিলের এক মুখপাত্র মঙ্গলবার এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 07:05 AM

Updated : 25 Aug 2022, 05:31 PM

ইসলামাবাদ, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় ৩০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের শিশু তহবিলের এক মুখপাত্র মঙ্গলবার এ কথা জানান। বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ৪ শ' ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘ শিশু তহবিলের মুখপাত্র আবদুল সামি মালিক। মালিক জানান, পাকিস্তানের এ বন্যায় প্রায় ১৩ লাখ লোক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষ বন্যা দুর্গতদের সাহায্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুর্গতদের অনেকেই বাড়িঘর ও জীবনধারনের অবলম্বন হারিয়েছে। কর্তৃপক্ষ বন্যার আগাম সতর্কতা জানায়নি বলেও অনেকে অভিযোগ করেছে। মালিক আরো জানান, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা করা জরুরি কিনা সে বিষয়টি নির্ধারণ করতে মঙ্গলবার পাকিস্তান সরকার ও ত্রাণ সংস্থাগুলোর এক বৈঠকে বসার কথা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরো মৌসুমী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করে দেওয়ায় বন্যায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় সাড়ে ২৯ হাজারেরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় কী পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে এখনও তা বলা যাচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খাইবার-পাখতুন খা এলাকায় প্রদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র আদনান খান জানান, "৫০ বছর ধরে যে ভৌত অবকাঠামো আমরা নির্মাণ করেছিলাম তার সবই ধ্বংস হয়ে গেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৫৭ঘ.