তেহরান, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে ২৭৪ জন আহত হয়েছেন। আধাসরকারি ইলনা সংবাদ সংস্থা শনিবার এ খবর জানিয়েছে।
পাশাপাশি শনিবার সকালে ইরানের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে।
ইরানের রাজধানী তেহরানের ৪৩৫ মাইল পূর্বাঞ্চলীয় তোরবাত-ই হায়দারিয়া শহরে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬.২০ মিনিটে (১৩৫০ জিএমটি) ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
ভূমিকম্পের পর পরাঘাতের আশঙ্কায় শহরের পার্কগুলোতে অনেকে রাত কাটিয়েছেন।
কারমেন অঞ্চলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি শনিবার স্থানীয় সময় সকাল ১১.২২ মিনিটে (০৬৫২ জিএমটি) আঘাত হানে। তবে এতে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ইরানে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা। ২০০৩ সালে দেশটির বাম নগরীতে এক ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৩০ হাজার মানুষের প্রাণহানি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৬২৬ঘ.
bdnews24